প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৮:১১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৮:২২ পিএম
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ
প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসর। সে লক্ষ্যে ১৪ অক্টোবর হবে দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি
লিগের প্লেয়ার্স ড্রাফট। বিপিএলের এবারের আসরে দেশি ১৮৮ ক্রিকেটারকে ছয়টি গ্রেডে ভাগ
করা হয়েছে। তালিকায় থাকা এসব ক্রিকেটারের গ্রেডিং নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল কায়েস।
বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটারের ধারণা, ক্রিকেটারদের পারফরম্যান্স নয়, নাম দেখে করা
হচ্ছে গ্রেডিং।
এবারের আসরে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের
পারিশ্রমিক সর্বোচ্চ ৬০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ গ্রেডের ৪০ লাখ, ‘সি’ গ্রেডের ২৫ লাখ,
‘ডি’ গ্রেডের ২০ লাখ, ‘ই’ গ্রেডে ১৫ ও সর্বনিম্ন ১০ লাখ টাকা করা হয়েছে ‘এফ’ গ্রেডের
ক্রিকেটারদের মূল্য। বিপিএলে ক্রিকেটারদের গ্রেডিং নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। ইমরুলের
মতে, ফর্ম না থাকলেও অনেকে ওপরের সারির ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। তাই তার প্রশ্ন-
গ্রেডিং কীভাবে করা হয়, নাম আর চেহারা দেখে?
শুক্রবার এক ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ
উগরে দিয়েছেন ইমরুল। ড্রাফটে ‘সি’ গ্রেডে থাকা এই ব্যাটার লিখেছেন, ‘বিপিএলের প্লেয়ার্স
ড্রাফটের আগে ক্রিকেটারদের গ্রেডিং দেখে চিন্তা করছি গ্রেডিংটা আসলে কিসের ভিত্তিতে
করা হয়। জাতীয় দল, সারা বছরের ঘরোয়া পারফরম্যান্স, বিপিএলের পারফরম্যান্স নাকি শুধু
নাম দেখে করা হয়। বছরজুড়ে ক্রিকেটের আশপাশে না থাকা ক্রিকেটারের জায়গা হলো ‘বি’ গ্রেডে।
অথচ গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা ‘সি’ গ্রেডে। তবে কি শুধু নাম কিংবা
চেহারা দেখেই বিপিএলের ড্রাফটের গ্রেড নির্ধারণ করা হয়?’
ইমরুল আরও বলেন, ‘বিপিএলের ২০১৮-১৯
মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে আমি ভালো করতে পারিনি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের
সিরিজের পর আমাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে
যখন কথা হলো তখন বাদ দেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, বিপিএলে আমার পারফরম্যান্স তুলনামূলক
ভালো ছিল না। যেহেতু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি তাই আমি কোনো সংকোচ ছাড়াই
এমন সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম।’
বিপিএলের পারফরম্যান্সকে বেঞ্চমার্ক হিসেবে ধরতে দেখে হতাশা প্রকাশ করে ইমরুল জানিয়েছেন নিজের অভিজ্ঞতাও, ‘জাতীয় দলে ফিরতে আমি কঠোর পরিশ্রম করতে থাকি। ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে ৪৪২ রানও করেছিলাম। কিন্তু এমন পারফরম্যান্সের পরও আমাকে জাতীয় দলে ডাকা হয়নি। এমনকি জাতীয় দলের কোনো ক্যাম্পেও রাখা হয়নি। তবে কি বিপিএলে পারফর্ম না করলেই বাদ? কিন্তু পারফর্ম করলে, সেটাও তো বিবেচনায় নেয়া হচ্ছে না। আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না?’