বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১১:০৮ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১১:১৯ এএম
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। বাছাইয়ে নয় ম্যাচে সেলেসাওদের এটি পঞ্চম জয়। এ জয়ে ইকুয়েডর ও বলিভিয়াকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান থেকে ৪-এ উঠেছে ব্রাজিল।
প্যারাগুয়ের কাছে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানো আবশ্যক ছিল দরিভালের শিষ্যদের। অথচ আজ সান্তিয়াগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই এদুয়ার্দো ভারগাসের গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তার ঠিক ১২ মিনিট পর আরেকটি সুযোগ মিস করে চিলি। পোস্টের সামান্য বাইর দিয়ে বল চলে গেলে এ যাত্রায় রক্ষা পায় ব্রাজিল।
ব্রাজিল ম্যাচে ফেরে বিরতির আগমুহূর্তে। সেলেসাও স্ট্রাইকার ইগর জেসুস হেড করে দলকে সমতায় ফেরান। ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি উইঙ্গার সাভিনহো। সেটা কাজে লাগান জেসুস।
দ্বিতীয়ার্ধে নেমে সপ্তম মিনিটেই চিলির জালে বল পাঠান রাফিনিয়া। তবে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। আর দ্বিতীয় গোল পাওয়ার জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৯তম মিনিট পর্যন্ত। দলকে উদ্ধার করেছেন বোতাগোর লুইস হেনরিকে। বক্সের প্রান্ত থেকে দারুণ এক চেষ্টায় বাঁকানো শটে জাল কাঁপান তিনি।
বাছাইয়ে ব্রাজিলের অর্জন এখন ১৩ পয়েন্ট। ৩-এ থাকা উরুগুয়ের চেয়ে আর ২ পয়েন্ট পিছিয়ে তারা। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ৮ পয়েন্টে।