মুলতান টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ২০:২৪ পিএম
মুলতান টেস্টে রেকর্ড বন্যা
বইয়ে দিয়েছে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে দীর্ঘ ২৭ বছর পর ৮০০ রানের দলীয় সংগ্রহ করেছে
ওলী পোপের দল। চতুর্থ দিনে হ্যারি ব্রুক ৩১৭ ও জো রুটের ২৬২ রানে ইনিংস ঘোষণার আগে
৮২৩ রান করেছে সফরকারীরা। জবাবে শেষ বিকালে পথ হারায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের
বিপরীতে শান মাসুদরা তুলতে পেরেছে কেবল ১৫২ রান। ১১৫ রান পিছিয়ে থেকে আগামীকাল শুক্রবার পঞ্চম
দিনে খেলা শুরু করবেন সালমান আগা ও আমের জামাল।
প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল
৫৫৬ রান। বিপরীতে ইংল্যান্ড তোলে ৮২৩ রান। গতকাল বৃহস্পতিবার ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস
ঘোষণা করে ইংলিশরা। এদিন ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকান
ব্রুক। আর ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ২৯ চার
ও তিন ছক্কায় ৩২২ বলে এই ইনিংস খেলেন ব্রুক। রুটও সাদা পোশাকে ক্যারিয়ার সেরা ইনিংস
খেলেন। ৩৭৫ বলে ২৬২ রান (১৭ চারে) করেন ইংলিশ টপ অর্ডার ব্যাটার। রুটের আগের সর্বোচ্চ
ইনিংস ছিল ২৫৪ রান। সেটিও ছিল পাকিস্তানের বিপক্ষেই, ২০১৬ সালে।
এদিন ২৬৭ রানে পিছিয়ে থেকে
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার।
দলীয় শতরানের আগেই টপ অর্ডারের ৬ ব্যাটারকে হারায় তারা। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের
সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান। অবিশ্বাস্য কিছু না ঘটলে হার অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য।
অথচ প্রথম দিন থেকেই মুলতান পিচ ব্যাটারদের জন্য ছিল আশীর্বাদপুষ্ট। কিন্তু পাকিস্তান
যখন দ্বিতীয় ইনিংসে খেলতে নামে তখনই রূপ বদলায়। সপ্তম উইকেটে প্রতি আক্রমণে ৭৬ রানের
জুটি না গড়লে মুলতান টেস্টের ফয়সালা হয়ে যেত গতকালই।
এদিন ইনিংসের প্রথম বলে ওপেনার
আবদুল্লাহ শফিককে (০), ক্রিস ওকসের বোল্ড করা দিয়ে শুরু। এরপর সাইম আইয়ুব (২৫), শান
মাসুদ (১১), বাবর আজম (৫), সৌদ শাকিল (২৯) ও মোহাম্মদ রিজওয়ান (১০) এলেন, দেখার আগেই
চলে গেলেন। দিনের শেষ দিকে বাউন্ডারিতে শোয়েব বশির ক্যাচ না ছাড়লে বিপদ আরও বাড়ত পাকিস্তানের।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও পুরো দিন শাসন করেছে ইংল্যান্ড। শেষ বিকালে স্বাগতিকদের কঠিন
পরীক্ষা নিলেন গ্যাস এটকিনসনরা।