প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৬:২৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৭:৩১ পিএম
আগামী নভেম্বরে ডেভিস কাপের ফাইনাল খেলেই র্যাকেট তুলে রাখবেন নাদাল।
টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল। আগামী নভেম্বরে মালাগায় ডেভিস কাপের ফাইনাল খেলেই ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিশ তারকা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় নাদাল বলেন, ‘সকলকে জানাচ্ছি যে আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি।’ গত দু’বছর চোটে ভুগেছেন স্প্যানিয়ার্ড। কোনো প্রতিযোগিতাতেই সেভাবে লড়াই করতে পারেননি। সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন ভিডিওতে, ‘গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনো দিনই খেলতে পারব না। এটাই অবসরের সঠিক সময়।’
তিনি আরও বলেন, ‘ছোট থেকে এই একটা খেলাই ভালোবেসেছি। কোর্টে নামতে ভালো লাগত। এত দিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।’