প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১২:০৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১২:২৮ পিএম
দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। ছবি : সংগৃহীত
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিতে যাচ্ছে শ্রীলঙ্কা। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। এ সিরিজের জন্য গতকাল বুধবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা।
তবে লম্বা সময় পর দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসে। ৩২ বছর বয়সি রাজাপাকসে যেকোনো সংস্করণে শ্রীলঙ্কার হয়ে সবশেষ খেলেছেন ২০২৩ সালের জানুয়ারিতে, টি-টোয়েন্টিতেই।
তা ছাড়া লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসলকেও ফেরানো হয়েছে ক্যারিবীয়দের বিপক্ষে। ভ্যান্ডারসে শ্রীলঙ্কার হয়ে ১৪ টি-টোয়েন্টি খেলেছেন। যার সবশেষটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ৩৪ বছর বয়সি এ স্পিনার গত আগস্টে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডেতে দারুণ বোলিং করেন, একটিতে ৩৩ রানে নেন ৬ উইকেট, আরেকটিতে ৩৪ রানের বিনিময়ে পান ২ উইকেট।
রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী রবিবার হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৫ ও ১৭ অক্টোবর। পরে পাল্লেকেলেতে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।