× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্য থেকে সরছে না মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ২০:২৮ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ২০:২৮ পিএম

অনুশীলনে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ছবি : বাফুফে

অনুশীলনে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ছবি : বাফুফে

নারীদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল লাল-সবুজের বাঘিনীরা। আরেকটি সাফ টুর্নামেন্ট দোরগোড়ায়। সেই নেপালেই বসবে এবারের দক্ষিণ এশিয়ার সেরার লড়াই। শিরোপা ধরে রাখার জন্য মরিয়া বাংলাদেশ। সে লক্ষ্যেই ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে নিজেদের প্রস্তুত করছেন কৃষ্ণারানী সরকার, মাসুরা পারভীন ও সানজীদা ইসলামরা। এবারের সাফেও বাংলাদেশ জিততে চায় শিরোপা। নতুন কোচের অধীনে কিংস অ্যারেনায় সেভাবেই প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের মেয়েরা।

সাধারণত মেয়েদের ক্যাম্প সারা বছরই থাকে। তবে সাফ সামনে রেখে বিশেষ মনোযোগ বাংলাদেশের। কিংস অ্যারেনায় বুধবার কাকডাকা ভোরেই অনুশীলন সেশন করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। অনুশীলন সেশন শেষে সংবাদমাধ্যমকে ডিফেন্ডার মাসুরা পারভীন বলেছেন তারা আক্রমণাত্মক ফুটবল খেলেই সফল হতে চান, ‘কোচ বেশিরভাগ সময় আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলান। আক্রমণাত্মক খেলাই উনি পছন্দ করেন।’

আক্রমণভাগে বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় সানজিদা। উইংয়েও পারদর্শী এই ফুটবলার জানালেন তারা প্রস্তুত। তবে ম্যাচ কম খেলার কথাও স্বীকার করেছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড, ‘সাফের জন্য আমাদের প্রস্তুতি মোটামুটি আছে, চেষ্টা করব ভালো কিছুর করার।’ দারুণ কিছু করার এবার সুযোগ বাংলাদেশের সামনে। ২০২২ সালে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখন আরও অভিজ্ঞ এবং আরও পরিণত। সাবিনা খাতুন, কৃষ্ণারানী, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়রদের মতো খেলোয়াড়দের সঙ্গে নতুন করে যোগ দিতে পারেন বয়সভিত্তিক দলে আলো কাড়া মোসাম্মৎ সাগরিকা এবং মাতসুশিমা সুমাইয়ারা। দলের সবার সঙ্গে দারুণ বোঝাপাড়া কাজে লাগবে বলে জানালেন সানজিদা, ‘এখানে প্রতিনিয়ত ক্যাম্পিং করি। প্রতিনিয়ত অনুশীলন করছি। সব মিলিয়ে আমাদের বন্ধন অনেক ভালো।’

দারুণ একটা দল নিয়েই এবার সাফ অভিযানে যাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত কিছু খেলোয়াড় পাচ্ছেন কোচ বাটলার। আছে বর্তমান চ্যাম্পিয়নের তকমা। তবে এসব কিছু ভাবাচ্ছে না কোচকে। বুধবার দলকে অনুশীলন করিয়ে বললেন, ‘অতীতে যা হয়েছে, সেটা ঘটে গেছে। ভিন্ন একটা দল, মানসিকতাও ভিন্ন, তবে লক্ষ্য একই (চ্যাম্পিয়ন হওয়া)।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা