প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৯:১৯ পিএম
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও তার স্ত্রী। সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফেডারেশনের আর্থিক অসঙ্গতির দায়ে তাকে দুই মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ভবিষ্যতে কোনো কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ ও সম্পৃক্ততা না করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটিও। সেই নিষিদ্ধ সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা আসন্ন বাফুফে নির্বাচনে ভোটাধিকার পেলে সমালোচনার ঝর উঠে দেশের ক্রীড়াঙ্গনে। সেসব অবশ্য পাত্তাই দেননি তিনি। এবার নির্বাচনে সদস্য পদে লড়াই করবেন বিতর্কিত সোহাগের স্ত্রী তাসমিয়া।
সোহাগ নির্বাচন করতে পারবেন না এটা আগে থেকেই জানা। বুধবার ফরম বিতরণের প্রথম দিনে সদস্য পদের জন্য মনোনয়ন ফরম তুলেছেন স্ত্রী তাসমিয়া রেজওয়ানা।
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন সামনে রেখে মনোনয়ন বিতরণ চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এরপর মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। এরপর মনোনয়ন নিয়ে আপত্তি থাকলে সেটা নিষ্পত্তি হবে ১৭ অক্টোবর। আপিল শুনানি হবে ১৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।