প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৩:৩৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৩:৪৭ পিএম
রাবেয়া খান ও ফাহিমা খাতুন
নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠটা দেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। দেশের মেয়েরা দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মেনেছেন। তবে দুই ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে দুই টাইগ্রেস স্পিনারের। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন বোলারদের র্যাংকিংয়ে এগিয়ে গেছেন।
গতকাল মঙ্গলবার মেয়েদের হালনাগাদ টি-টোয়েন্টির র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে নবম স্থানে উঠে গেছেন রাবেয়া। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে ২টি উইকেটও শিকার করেছেন। রাবেয়া ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ের সেরা ২৫-এ নেই বাংলাদেশের অন্য কেউ।
বিশ্বমঞ্চে দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া ফাহিমা র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। তিনি ১৩ ধাপ এগিয়ে উঠে গেছেন ৪৫ নম্বরে। তবে র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারের। উভয়েই দুই ধাপ করে পিছিয়ে নাহিদার অবস্থান ২৭তম ও মারুফা রয়েছেন ৩১ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে সবার ওপরে যথারীতি শীর্ষস্থান দখলে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁ হাতি স্পিনার সাদিয়া ইকবাল। খানিক পরই আবার ২-এ নেমে গেছেন।