দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৩:৩৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৩:৪৩ পিএম
গোয়ালিয়রে শান্তদের দিন ভালো যায়নি। দিল্লিতে আজ তাই তাদরে সিরিজে টিকে থাকার লড়াই। ছবি : আ. ই. আলিম
মাহমুদউল্লাহময় দিন ছিল গতকাল। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ‘অবসরের ঘোষণা’ দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাতেই চাপা পড়ে দিল্লির রানপ্রসবা উইকেট নিয়ে আলোচনা। আড়ালে পড়ে যায় প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশের হতশ্রী পারফর্ম কিংবা ব্যাটারদের ফিরে তাড়না। গুরুত্ব হারায় আজ সন্ধ্যায় পিছিয়ে পড়া সিরিজে ফেরার লক্ষ্যটিও। তিন টি-টোয়েন্টির প্রথমটি হারায় বাংলাদেশের আজ সিরিজে টিকে থাকার লড়াই। নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখানোরও চ্যালেঞ্জ।
দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে কুড়ি কুড়ির ক্রিকেটে লড়াই। সরাসরি খেলা দেখাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস। ছোট ফরম্যাটে দুদলের খেরোখাতায় ভারতের জয় জয়কার। সব মিলিয়ে ১৫ ম্যাচে ১৪ হারের বিপরীতে বাংলাদেশের আছে একটি মাত্র জয়। ২০১৯ সালে দিল্লিতে সেবার ভারতকে চমকে দিয়েছিল মাহমুদউল্লাহর দল। সাবেক ওই অধিনায়কের বিদায়লগ্নে এবার সিরিজ নির্ধারণী মঞ্চ। প্রথম ম্যাচে বাজেভাবে হারের দুঃস্মৃতি ভুলে সিরিজে সমতা আনার লক্ষ্য শান্তদের।
সিরিজের প্রথম ম্যাচে গোয়ালিয়রে ব্যাটিং সহায়ক উইকেটেও ধুঁকেছিল টাইগার ব্যাটাররা। ১৯.৫ ওভারে ১২৭ রান তোলা বাংলাদেশ পড়েছিল ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। ৪৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই সেই ম্যাচ জিতেছিল স্বাগতিকরা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামও অনেকটা রানপ্রসবা। তাছাড়া নেটের উইকেটেও দারুণভাবে ব্যাটে বল আসছিল। দুদলের গতকালের অনুশীলনে ব্যাটারদের প্রচুর শট খেলতেও দেখা গিয়েছিল। ম্যাচের উইকেটের সঙ্গে সাধারণত নেটের উইকেটের মিল থাকে। অমন কিছু হলে দিল্লিতেও রানবন্যা ছুটতে পারে। আবহাওয়ার বাগড়া দেওয়ারও সম্ভাবনা নেই ম্যাচে।
প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের অধিনায়ক শান্ত অসহায় কণ্ঠে বলেছিলেন, বড় রান জড়ো করার সামর্থ্য বাংলাদেশ দলের নেই। সেই বাংলাদেশ দলের সামনে এবার রানপ্রসবা উইকেট, যেখানে দুইশরও ওপরে রানও নিরাপদ নয়। এই ম্যাচেও যে উইকেট রানপ্রসবাই থাকছে, তা আরও স্পষ্ট হলো আর্শদীপ সিংয়ের কথায়। ভারতের পেসার বলেছেন, ‘গত মৌসুমে পাঞ্জাব কিংসের কোনো ম্যাচ ছিল না এখানে। তবে স্কোর দেখেছি। এরপর মনে হয়নি উইকেট দেখা প্রয়োজন। কাল (আজ) এসে দ্রুত কন্ডিশন মানিয়ে নিতে হবে, পরিকল্পনা সাজাতে হবে।’
গোয়ালিয়রে বড় হারে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে চিড় ধরেছে টাইগারদের। তবে শান্ত মনে করেন, প্রথম ম্যাচে যেমন পারফরমেন্স হয়েছে তার চেয়ে আরও ভালো দল তারা। এই ম্যাচে তাই একাদশেও পরিবর্তন আসতে পারে। পেস বোলিংয়ে তাসকিনকে বাদ রাখা হতে পারে। সুযোগ আসতে পারে তানজিম সাকিবের। তবে শান্ত মনে করেন, ব্যাটিং প্রক্রিয়াটা আরও সঠিকভাবে করতে হবে, ‘আমার মনে হয় ব্যাটিং ইউনিট ভালো করেনি। কখনও কখনও আমাদের সঠিকভাবে বল নির্বাচন করতে হবে। আমরা এটি নিয়ে চিন্তা করছি। তবে এক্ষেত্রে চিন্তাভাবনা পরিবর্তন করতে তাড়াহুড়া করতে পারি না। আমরা ঘরের মাঠে ১৪০-১৫০ রানের উইকেটে খেলি। আমাদের ব্যাটাররা জানে না কিভাবে ১৮০ রান করতে হয়। আমি শুধু উইকেটকেই দায়ী করবো না।’
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হতাশাজনক হার দেখেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতেও হার। আজ তাই মান বাচানোর মঞ্চে পরিণত হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। হায়দ্রবাদে তৃতীয় টি-টোয়েন্টি পর্যন্ত সিরিজ বাঁচানোর আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই শান্তদের।