প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৩:২৭ পিএম
বাবর আজম। ছবি : সংগৃহীত
টেস্ট ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাবর আজমের! এই ফরম্যাটে তিনি সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে। দিনের হিসাবে এরপর ৬৫১ দিন ধরে ব্যাট উঁচিয়ে ধরার উপলক্ষ তৈরি করতে পারেননি পাকিস্তানি এই ব্যাটার। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে সেই সুযোগ এসেছিল; কিন্তু সেটিও কাজে লাগাতে পারেননি ডানহাতি ব্যাটার। মুলতানের ব্যাটিং স্বর্গে দিনের অন্তিম সময়ে ক্রিস ওকসের বলে আউট হয়েছেন ব্যক্তিগত ৩০ রানের মাথায়।
দেড় বছরেরও বেশি সময় আগে বাবরের খেলা সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসটি ছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। করাচিতে ওই ইনিংসে করেছিলেন ১৬১ রান। সেই ইনিংসের পর লাল বলের ক্রিকেটে বাবর খেলেছেন ১৭ ইনিংস। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের, সবশেষ অস্ট্রেলিয়া সফরে। এই ১৭ ইনিংসে বাবরের ব্যাটিং গড় মাত্র ২১ দশমিক ২৩। টেস্ট ক্যারিয়ারে এত দীর্ঘ সময়ে কখনোই ব্যাট না উঁচিয়ে থাকেননি বাবর। এর আগে ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জানুয়ারির মধ্যে টানা ৭ ইনিংসে ফিফটি পাননি তিনি।
ফিফটির খরায় ভোগা বাবর অবশ্য এই খারাপ সময়েও বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু পেয়েছেন। এই ১৭ ইনিংসের মধ্যে ১২ ইনিংসেই ২০ রানের বেশি করেছেন তিনি। কিন্তু দারুণ শুরুটাকে টেনে নিতে পারেননি বাবর। এমন খারাপ সময় কাটানোর পরও টেস্টে বাবরের গড় ৪৪ দশমিক ৩৫। রান খরায় ভোগার আগে সেটি ছিল ৫০-এর ওপরে।
বাবরের বর্তমান ব্যাটিং গড়ের যেকোনো ব্যাটারকেই নির্দ্বিধায় ভালো বলা যায়। আর তার এমন ভালো গড়ের মূল কারণে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়টা। ২০১৯ সালের শুরু থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত টেস্টে বাবরের গড় ছিল ৬০-এর কাছাকাছি। এই সময়ে অস্ট্রেলিয়ায় তার গড় ৫০-এর বেশি, ৫২ দশমিক ৫০। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজে বাবর ব্যাটিং করেছেন ৪৮ গড়ে। শ্রীলঙ্কার মাটিতে গড় প্রায় ৭০; আর দেশের মাটিতে বাবর ব্যাটিং করেছেন ৭৫ গড়ে। এই সময়টায় বাবরের দারুণ পারফরম্যান্সের কারণেই মূলত বিরাট কোহলি, জো রুটদের সঙ্গে তার তুলনার কথা উঠেছিল।
মুলতান টেস্টে পাকিস্তান অবশ্য ভালো অবস্থানেই আছে। দ্বিতীয় দিন শেষে তাদের লিড এখনও ৪৬০ রানের। এক উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারী ইংল্যান্ড তুলেছে ৯৬ রান। জ্যাক ক্রলি ৬৪ ও জো রুট ৩২ রানের অপরাজিত। এর আগে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৫৬ রান তোলে স্বাগতিক পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের ১৫১ রানের ইনিংসের পর ইনিংসে দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন সালমান আগা। ১১৯ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসে ৩ ছক্কার সঙ্গে বাউন্ডারি হাঁকিয়েছেন ১০টি।