প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৪:৩৫ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৭:১৫ পিএম
বল পায়ে দুর্দান্ত সব কারিকুরি, নিখুঁত পাসে সতীর্থদের খুঁজে নেওয়া কিংবা গুরুত্বপূর্ণ সময়ে গোল করার দক্ষতা। স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে তার একমাত্র গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। অবশেষে ২২ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ৪০ বছর বয়সি বার্সেলোনার সাবেক এই তারকা।
বুটজোড়া তুলে রাখার ঘোষণা আগেই দিয়েছিলেন ইনিয়েস্তা। গতকাল সোমবার সম্পন্ন করেছেন বিদায়ের আনুষ্ঠানিকতা। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবেই তার ক্যারিয়ার শেষ হল। বিদায় বেলায় তাকে বিশেষ বার্তা দিয়েছেন একসময়ের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আবেগঘন বার্তায় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মেসি লিখেছেন, ‘আমি যার সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছি, আমার সবচেয়ে জাদুকরী সতীর্থদের একজন- ফুটবল তোমাকে মিস করবে। এবং আমরাও তোমাকে মিস করব। আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তুমি একজন ফেনোমেনন।’
১৯৯৬ সালে ১২ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির ‘বি’ দলের হয়ে ৫৪ ম্যাচ খেলার পর ২০০২ সালে অভিষেক হয় মূল দলে। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। স্প্যানিশ ক্লাবটির হয়েই ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন তিনি। বার্সেলোনা মূল দলের হয়ে ইনিয়েস্তা খেলেন মোট ৬৭৪ ম্যাচ। নিজে গোল করেছেন ৫৭টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩৫টি গোল। এসময়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৬টি কোপা দেল রেসহ ৩২টি শিরোপা জেতেন তিনি। ।
২০১৮ সালে বার্সা ছাড়ার পর যোগ দিয়েছিলেন জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে। কোবের হয়ে খেলা পাঁচ বছরে একটি জে ওয়ান লিগসহ ইনিয়েস্তার শিরোপা মোট তিনটি। তাদের হয়ে সব মিলিয়ে ১৩৪ ম্যাচ খেলেছেন তিনি। ২৬টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। আর সবশেষ মৌসুমে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে। সেখানে একমাত্র মৌসুমে মোট ২৩ ম্যাচে পাঁচটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট আছে তার।
এদিন ক্লাব ক্যারিয়ারের ইতি টানলেও আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে ইনিয়েস্তা সরে দাঁড়িয়েছেন ২০১৮ সালে। স্পেন জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে তার গোল ১৪টি। লা রোহাদের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৮ ও ২০১০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বয়সভিত্তিক পর্যায়ে দেশটির অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্বও করেছেন তিনি। স্পেনের ফুটবল ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। তার ওপরে আছেন জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেতস, ইকার ক্যাসিয়াস ও সার্জিও রামোস। বার্সেলোনার পক্ষে তিনি মাঠে নেমেছেন চতুর্থ সর্বোচ্চ ম্যাচে। এই তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন বুসকেতস, জাভি ও লিওনেল মেসি।