যুক্তরাষ্ট্র ন্যাশনাল ক্রিকেট লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:৪৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:৪৪ পিএম
ব্যাট হাতে ১৬ বলে ১৩ রান।
হাত ঘুরিয়ে এক ওভারে খরচা ১৮ রান। নিশ্চয়ই এমন হতশ্রী পারফরম্যান্স খুব করে ভুলে যেতে
চাইবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ম্যাড়মেড়ে পারফরম্যান্সের কারণেই
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে হেরেছে অ্যাঞ্জেলস ওয়েভস সিসিও। নিউইয়র্ক লায়ন্স
সিসির বিপক্ষে ১৯ রানে হারের জন্য সাকিবের দিকেই আঙুল তোলা হচ্ছে।
গত শনিবার ইউনিভার্সিটি অব
টেক্সাস স্টেডিয়ামে টস জিতে লায়ন্স সিসিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অ্যাঞ্জেল ওয়েবসের
অধিনায়ক সাকিব। সুরেশ রায়নার বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ ওভারে ১২৬ রান তোলে নিউইয়র্ক লায়ন্স।
জবাবে কোটার সবগুলো ওভার খেলে অ্যাঞ্জেলস ওয়েবস তুলতে পারে ১০৭ রান। অর্থাৎ জয় থেকে
১৯ রান দূরেই থামে তাদের যাত্রা।
ম্যাচ হারের পর বেশ সমালোচনা
হচ্ছে সাকিবকে নিয়ে। ৩৭ বর্ষী অলরাউন্ডার নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন ১৮ রান।
রায়না আর থারাঙ্গা মিলে সাকিবকে হাঁকান ২ ছয় ও ১ চার। এরপর আর বোলিংয়ে আসেননি তিনি।
বোলিং ইকোনমির হিসাবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন সাকিবই। সব মিলিয়ে ১০ ওভারে কেবল ২ উইকেট
হারিয়ে নিউইয়র্ক লায়ন্স স্কোরবোর্ডে জমা পড়ে ১২৬ রান। ওপেনার উপুল থারাঙ্গা ২৩ বলে
করেন ৪০ রান। অধিনায়ক সুরেশ রায়না খেলেন ৫৩ রানের ইনিংস। ৩ ছক্কা ও ৬ চারে ২৮ বলে এই
রান সংগ্রহ করেন ভারতের সাবেক ব্যাটার। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন বেন কাটিং।
১২৭ রানের টার্গেট টপকাতে
নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি লস অ্যাঞ্জেলেস
ওয়েভস। ইনিংসের প্রথম বলেই উইকেট হারান ওপেনার স্টিফেন এস্কিনাজি। দ্বিতীয় বলে ক্রিজে
আসেন সাকি। তিনে নেমে কচ্ছপ গতিতে ব্যাট চালান। ইনিংসের চতুর্থ ওভারে তাব্রাইজ শামসির
বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে সাকিবের রান ১৬ বলে ১৩। এই ইনিংসে সাকিব বাউন্ডারি
মারেন ৩টি। বাংলাদেশি অলরাউন্ডার দ্রুত ফিরে গেলেও অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের ব্যাটে
আশা দেখে লস অ্যাঞ্জেলেস। তবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার আগেই তারা হারান উইকেট।