প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ২১:১৭ পিএম
দিয়েগো ম্যারাডোনা
দিয়েগো ম্যারাডোনার দেহাবশেষ সমাধিস্থল থেকে সরানোর আবেদন জানিয়েছিলেন তার কন্যারা। অবশেষে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের কেন্দ্রস্থলে ৮৬ বিশ্বকাপ জয়ীর দেহাবশেষ স্থানান্তরের অনুমতি দিয়েছেন আর্জেন্টাইন আদালত।
৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। মস্তিষ্কে রক্ষ জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশ্য এর আগে নানাবিধ সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন কোকেন ও অ্যালকোহলে আসক্তিও ছিল তার। মস্তিষ্কে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর শয্যায় মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বুয়েন্স এইরেসের একটি ভাড়া করা বাসায় উঠেছিলেন। সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান। যে স্মৃতিস্তম্ভে ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের জন্য তার মেয়ে আবেদন করেছেন তার নাম রাখা হয়েছে এম-১০ মেমোরিয়াল। এই আদালত আবার আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতি ছিল কিনা সেটাও তদন্ত করছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস এইরেস টাইমস জানিয়েছে, সান ইসিদ্রোর তিন নম্বর ফৌজদারি আদালত ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুয়েনস এইরেসের উত্তর-পশ্চিমাঞ্চলে বেলা ভিস্তায় এখন সমাহিত আছেন ম্যারাডোনা। পুয়ের্তো মাদেরোয় সমাধিস্তম্ভ বানিয়ে সেখানে তার দেহাবশেষ স্থানান্তর করা হবে।