প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৮:১৩ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১৯:১৫ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূদ এই ফুটবলারকে লাল-সবুজের জার্সিতে খেলানোর ব্যাপারে জোরেশোরে কাজ করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বপ্ন দেখছিলেন দেশের ফুটবল ভক্তরা। সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়েছে বাফুফে ও হামজা। এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন ২৭ বছর বয়সি খেলোয়াড়। ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনেরও। এখন বাকি শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন। সেটি পেলেই জামাল ভূঁইয়া, রাকিব হোসেনদের সঙ্গে মাঠে নামার দরজা খুলে যেত হামজার।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কিছু দিন আগে বলেছিলেন, আগামী নভেম্বরে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামজার। তবে সেই সম্ভবনা এখন কিছুটা ক্ষীণ হয়ে গেল। ক্লাবের হয়ে অনুশীলনের সময় কাঁধের হাড়ে আঘাত পেয়েছেন হমজা। হাড় নড়ে গেছে তার। লম্বা সময়ই বিশ্রামে থাকতে হতে পারে এই ফুটবলারকে।
হামজার ইনজুরি নিয়ে লেস্টার সিটির কোচ স্টিভ কুপার বলেন, ‘কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কত দিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।’
লেস্টার সিটির কোচ কুপার আরও বলেন, ‘এটি খুবই স্বাভাবিক বল দখলের লড়াই ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়।’
এদিকে আগামী ১১-১৯ নভেম্বর ফিফা উইন্ডোতে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত নির্বাহী সভাতেও এটি নিয়ে আলোচনা হয়। এখন দেখার বিষয় হলো ফিফা উইন্ডোর আগে পুরোপুরি ফিট হন কিনা হামজা। কেননা ফিফার অনুমতি পেলেও তিনি খেলার মতো ফিট থাকবেন কি না সেটাই এখন শঙ্কার বিষয়।