প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ২১:৩৫ পিএম
গোয়ালিয়রে কড়া নিরাপত্তায় শান্তদের অনুশীলন; ছবি: আ. ই. আলীম
মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) মাঠ শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার এ মাঠের। তবে সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে হিন্দু মহাসভার হামলার হুমকিতে ৬ অক্টোবরের এই ম্যাচের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাও আছে। অবশ্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কঠোর অবস্থায় রয়েছে গোয়ালিয়রের পুলিশ সদস্যরাও।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু প্রচণ্ড গরমের কারণে নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পর শুরু হয় শান্তদের অনুশীলন। এরপর সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে ভারতীয় দলও। অবশ্য অনুশীলনের বেশ আগে থেকেই স্টেডিয়াম এলাকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর তোড়জোড়। মাঠের চারপাশে ঘুরছেন পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কীভাবে কোথায় নিরাপত্তা দেওয়া হবে, চলছে সেই পরিকল্পনা। যে কারণে মাঠে আসার দুটি রাস্তার মধ্যে একটি পুলিশ বন্ধ করে রেখেছে।
জানা গেছে, এ ম্যাচের নিরাপত্তায় পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছেন। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা কঠোর
নিরাপত্তার কথা বলতে গিয়ে জানান, ‘আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত
থাকতে পারেন।’ গোয়ালিয়রের এক স্থানীয় সাংবাদিক জানান, ‘বাংলাদেশ দলের গোয়ালিয়র আসা
নিয়ে হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে। ছিল অন্যান্য ধর্মীয় সংগঠনও। পুলিশ এর মধ্যে
১৯ জনকে গ্রেপ্তারও করেছে।’
এদিকে কানপুর টেস্টে নিরাপত্তার শঙ্কা থাকায় বাংলাদেশ-ভারত দুই দলের
অবস্থান ছিল একই হোটেলে। তবে গোয়ালিয়রে এসে দুই দল আলাদা হোটেলে উঠেছে। আলাদা থাকলেও
অবশ্য নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে জানিয়েছে গোয়ালিয়র পুলিশ। অবশ্য হোটেল থেকে দুই
দলের খেলোয়াড়দের বের হতে নিষেধ করেছে তারা।
গোয়ালিয়রে সবশেষ ম্যাচ হয়েছে ২০১০ সালে, অরুপ সিং আন্তর্জাতিক ক্রিকেট
স্টেডিয়ামে। ১৪ বছর পর নতুন মাঠ শ্রীমন্ত মাধবরাও স্টেডিয়াম ম্যাচ পেয়ে রোমাঞ্চিত গোয়ালিয়ের
মানুষ। ম্যাচের টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। দীর্ঘদিন পর গোয়ালিয়রে
ক্রিকেট ফেরায় স্বাভাবিকভাবেই বাড়তি রোমাঞ্চ আয়োজকদের মধ্যে। এখন শুরু খেলা মাঠে গড়ানোর
অপেক্ষা।