প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:৩৭ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:৪২ পিএম
ফাইল ছবি
এশিয়ান গেমসের সবশেষ আসরে যুক্ত হয়েছিল ক্রিকেট ইভেন্ট। চীনে আয়োজিত ওই আসরে ব্যাট-বলের লড়াইয়ে সোনা জিতেছিল ভারত। এছাড়া আফগানিস্তান রৌপ্য এবং বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জপদক। কিন্তু ২০২৬ সালে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট থাকবে কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্তত জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের
(জেসিএ) বক্তব্য অনুসারে আগামী এশিয়ান গেমসে থাকছে না ক্রিকেট। ‘ইমার্জিং ক্রিকেট’কে
দেয়া এক সাক্ষাৎকারে জেসিএর ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান অ্যালান কার জানান, স্থানীয়
আয়োজক কমিটি থেকে যা বলা হয়েছে তা অনুসারে ক্রিকেট ২০২৬ এশিয়ান গেমসে নেই।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘দেখুন,
ক্রিকেট যদি আসলেই অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটা অসাধারণ হবে। কিন্তু আয়োজক কমিটির সাথে
আলোচনা হয়েছে যেখানে তারা একদম নিশ্চিত ছিল। ৪১টি ইভেন্ট রয়েছে গেমসে কিন্তু ক্রিকেট
সেগুলোর মধ্যে নেই। যদি কেউ আমাদের ভিন্ন কিছু না বলে তাহলে আমরা আমাদের দলকে খেলানোর
জন্য কোনো পরিকল্পনা করব না।’
জাপানের নাগয়া শহরের একটি বেসবল স্টেডিয়ামকে ক্রিকেটের জন্য তৈরি করা হচ্ছে- সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু অ্যালান কার জানিয়েছেন ক্রিকেটকে অন্তর্ভুক্ত বা বাতিল করার ক্ষেত্রে তার করার কিছু নেই। পুরো ব্যাপারটি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) দেখভাল করবে।
এদিকে এশিয়ান গেমসের ওয়েবসাইটে খেলার তালিকাতেও নেই ক্রিকেট। তাই ২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেট থাকছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।