× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের ঘাটতি ঘোচাবেন তানজিম সাকিবরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ২০:২৪ পিএম

সাকিবের ঘাটতি ঘোচাবেন তানজিম সাকিবরা

টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের অবসর নিয়ে যদি কিন্তু আছে। তবে টাইগার অলরাউন্ডার টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি সাকিবকে। ড্রেসিংরুমে তার শূন্যতা যে সতীর্থরা অনুভব করবে, সেটি অনুজ তানজিম হাসান সাকিব অকপটে স্বীকার করেছেন। তবে দলীয় প্রচেষ্টায় সেই শূন্যতা পূরণ করতে চান এই টাইগার পেসার।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ৯ ক্রিকেটার ভারতে পৌঁছেছেন। দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিম হাসান সাকিব। সেখানেই সাকিবের শূন্যতা অনুভব করবেন কি নাÑ এমন প্রশ্নে ডানহাতি এই পেসার বলেন, ‘অবশ্যই করব। সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতেন। আমরা ওই জায়গায় উনার শূন্যতা অনুভব করব। আমরা চেষ্টা করব টিম গেম খেলার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প পরিচালিত হয়েছে। স্থানীয় কোচদের তত্ত্বাবধানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেন ক্রিকেটাররা। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাও বলেছেন তরুণ এই পেসার, ‘আমরা এখানে অনেক দিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতির দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে বলব। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে।’

টি-টোয়েন্টিতে ভালো করা মানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাতছানি। যেহেতু ভারতের মাটিতে খেলা, ওখানে ভালো করতে পারলে আইপিএলে সুযোগের পথটা তৈরি হতে পারে। এ ব্যাপারে অবশ্য কিছুই ভাবছেন না ২১ বছর বয়সি এই পেসার, ‘আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি, তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনও টার্গেট করি না। আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বোচ্চ দিতে পারি। দলের জয়ে যেন আমাদের অবদান থাকে, ওই দিকে ফোকাস থাকে। আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি।’

ভারতের বিপক্ষেই ওয়ানডে অভিষেকেই দুই উইকেট পেয়েছিলেন তানজিম। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও পান জোড়া উইকেট। দলটির বিপক্ষে খেলতে কি বাড়তি আত্মবিশ্বাস পান? এমন প্রশ্নে তার জবাব, ‘চেষ্টা করি যখন যেখানে খেলব, একদম সেরাটা যেন খেলতে পারি। সামনে ভারত সিরিজ আছে, ওই জায়গায় আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই। কিন্তু এটা আমি ওরকম মনে রাখতে চাই না। ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করব যেন নিজের সেরাটা দিতে পারি।’

এদিকে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ভারতে গেছেন পেসার এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরছেন তিনিও। এদিকে দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আর দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমনও।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা