টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ২০:২৩ পিএম
চেন্নাইয়ের পর কানপুরেও হেরেছে বাংলাদেশ, তার প্রভাব পড়েছে টেস্টের পয়েন্ট টেবিলেও— কানপুর থেকে ছবি তুলেছেন আ. ই. আলীম
এক মাসের কম সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছিল টাইগাররা। ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে এসেছে বড় অবনতি। চার থেকে এক ধাক্কায় নাজমুল হোসেন শান্ত ব্রিগেড নেমে গেছে সাতে।
বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। সেই ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছেন শান্তরা। চেন্নাইয়ের পর কানপুরেও তাই পয়েন্ট হারিয়েছে টাইগাররা। তাতেই বদল এসেছে টেবিলে। শীর্ষ পোক্ত করেছে ভারত, দুই ও তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। চারে ইংল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে সাতে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন ৩৪.৩৮। পাঁচে উঠে আসা দক্ষিণ আফ্রিকার ৩৮.৮৯। ছয়ে নেমেছে নিউজিল্যান্ড। ২০২৩-২৫ চক্রে মোট ১২ ম্যাচের মধ্যে ৮টি খেলেছে বাংলাদেশ। তিনটি জয়ের বিপরীতে পাঁচটি হার। বাকি থাকা চার ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি এবং নভেম্বর-ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ দুটি ম্যাচ খেলবে শান্তরা।
অপরদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা ভারতের অবস্থান আরও মজবুত হয়েছে। এই মুহূর্তে রোহিতদের পয়েন্ট শতাংশ ৭৪.২৪। রোহিত শর্মাদের পরের সিরিজ শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাও আবার নিজেদের মাটিতেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় চক্রে ফাইনাল খেলার পথে তারা এগিয়ে থাকছে।
টেবিলের আটে আছে পাকিস্তান ও নয়ে ওয়েস্ট ইন্ডিজ। এই চক্রের শীর্ষ দুই দলের মাঝে ইংল্যান্ডের ওভালে বসবে সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াই।