প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৫:৪০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৬:৩৮ পিএম
অসুস্থতার কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুপস্থিতিতে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে কোনোরকমে ড্র করেছিল আল নাসর৷ তবে দ্বিতীয় ম্যাচে ফিরেই দুর্দান্ত এক গোলে দলকে জিতিয়েছেন পর্তুগিজ মহাতারকা। পরে গোলটি প্রয়াত বাবাকে উৎসর্গ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
গতকাল সোমবার রাতে এশিয়ান ক্লাব প্রতিযোগিতার এই ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। লিগে এটি সৌদি আরবের ক্লাবটির প্রথম জয়। এর আগে প্রথম ম্যাচে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সৌদি প্রো লিগের ক্লাবটি।
গতকাল ছিল রোনালদোর প্রয়াত বাবা জোসে ডেনিস অ্যাভেইরার ৭১তম জন্মদিন৷ ২০০৫ সালে রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছিলেন, তখন তিনি মারা যান। ম্যাচশেষে প্রয়াত বাবাকে স্মরণ করে রোনালদো বলেন, ‘আজকের গোলের একটা আলাদা স্বাদ আছে...। যদি আমার বাবা বেঁচে থাকতেন! কারণ, আজ তার জন্মদিন, এটা (গোল) তার জন্য।’
ঘরের মাঠ রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল আসর। অবশ্য জালের দেখা পেতে অপেক্ষা করতে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত৷ আল নাসরের সেনেগালিজ তারকা সাদিও মানে গোলে করে দলকে এগিয়ে দেন। এতে বিরতির আগে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে ৭৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। অবশ্য ম্যাচে আগেও বল জালে জড়িয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। আর ৮৭ মিনিটে আল রাইয়ানের রজার গুইদেস একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত হয় আল নাসরের।