× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যামেরুন কিংবদন্তি ইতোকে ফিফার নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৫:২৫ পিএম

ক্যামেরুন কিংবদন্তি ইতোকে ফিফার নিষেধাজ্ঞা

ফিফার আচরণবিধি ভাঙায় ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ শাস্তির কারণে আগামী ছয় মাসের মধ্যে ছেলে ও মেয়েদের ক্যামেরুন জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ের যেকোনো দলের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের (ফেকাফুট) সভাপতির দায়িত্ব পালন করা ৪৩ বছর বয়সি ইতোর বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোয় একটি ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল ব্রাজিল।

রেকর্ড চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ইতো ঠিক কী কী আচরণবিধি ভেঙেছেন, তা খোলাসা করে জানায়নি ফিফা। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, অফিসিয়ালদের সঙ্গে ‘অসদাচরণ’ এবং ‘ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের’ কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

তিন মাসের কম সময় আগে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইতোর বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাকে জরিমানা করেছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। সংবাদমাধ্যম ‘দি অ্যাথলেটিক’ গত জানুয়ারিতে জানিয়েছিল, ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সাবেক এক নির্বাহী ইতোর বিরুদ্ধে কাগজপত্রসহ কিছু প্রমাণ দাখিল করেছেন। এসবের মধ্যে রয়েছে চিঠিপত্র, হোয়াটসঅ্যাপ বার্তা, মেইল ও অডিও রেকর্ডিং।

ইতো ও তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে ক্যামেরুনে ম্যাচ পাতানো, ক্ষমতার অপব্যবহার ও শারীরিক হুমকি দেওয়ার অভিযোগের পক্ষে সমর্থনে এসব প্রমাণ দাখিল করা হয়। তবে সিএএফ জানিয়েছিল, ফুটবল ম্যাচে গড়াপেটার পক্ষে এসব প্রমাণ যথেষ্ট নয়।

ক্যামেরুনের হয়ে চারটি বিশ্বকাপ খেলা ইতো দেশের হয়ে ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৮ ম্যাচে ৫৬ গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। স্পেনে একাধিকবার লা লিগা জয়ের পাশাপাশি জিতেছেন ইতালিয়ান লিগও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা