নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১০:১৫ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১১:০৭ এএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ। তবে শেষ ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শ্রীলঙ্কা ম্যাচের তুলনায় ভালো করেছেন বাংলাদেশের মেয়েরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪০ রান করেছিল বাংলাদেশ। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
এখন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা। মূল পর্বে নিগারদের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। সেটিই এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। বি গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে কেউ ফিফটির দেখা পাননি। ১৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা আক্তার। ওপেনার সাথী রানির ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৩ রান। ২ অঙ্কের ইনিংস খেলেছেন যথাক্রমে নিগার (১৮), তাজ নেহার (১৭), সোবহানা মোস্তারি (১৫), রিতু মনি (১৪) ও দিলারা আক্তার (১০)। পাকিস্তানের সাদিয়া ইকবাল ১৯ রানে ২টি উইকেট নেন।
এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২তম ওভারের মধ্যে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর নিয়মিত উইকেটের পতন ও রান রেটের চাপের সঙ্গে পাল্লা দিতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ওমাইমা সোহাইলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৩ রান। অধিনায়ক ফাতিমা সানা ১২ বলে ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।