প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২ পিএম
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত আসন্ন এই সিরিজকে সামনে রেখে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার ম্যাথু ব্রিজ। এ ছাড়া প্রায় দেড় বছর পর সাদা পোশাকে ফিরেছেন স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামি।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ডাক পেয়েছিলেন ব্রিজ। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এই ব্যাটার। এদিকে ৩ টেস্ট খেলা মুথুসামি সবশেষ ২০২৩ সালের মার্চে সাদা পোশাকে প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করেছিলেন। অভিজ্ঞ এই অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪৭ উইকেট ও ৫ হাজার রানের মালিক। বাংলাদেশের উইকেটে তিনি হতে পারেন ভীষণ কার্যকরী।
দলের নেতৃত্বে আছেন যথারীতি টেম্বা বাভুমা। স্পিন বিভাগ সামলাবেন কেশব মহারাজ। পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। আরও আছেন নান্দ্রে বার্গার, ডেন প্যাটারসন, উইয়ান মাল্ডার। ব্যাটিংয়ে আছেন ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, ডেন পিড, ট্রিস্টান স্টাবস, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন অ্যাশওয়েল প্রিন্স, যিনি আগে বাংলাদেশের ব্যাটিং কোচ ছিলেন।
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে প্রোটিয়া ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, ডেন পিড, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে।