প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩০ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০ এএম
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেতে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পেরে ওঠেননি কার্লো আনচেলত্তির শিষ্যরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে। রবিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
এদিন ম্যাচজুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও প্রথমার্ধে গোল হয়নি। বিরতির পর এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে স্বাগতিকদের হয়ে গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।
দ্বিতীয়ার্ধে মিলিতাওয়ের গোলের পর রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে লক্ষ করে অ্যাথলেটিকোর সমর্থকদের নানা জিনিস ছুড়ে মারার ঘটনায় প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। টিভি ক্যামেরায় দেখা যায়, একটি সাদা ব্যাগে করেও কিছু একটা ছুড়ে মারা হয়েছিল কোর্তোয়ার উদ্দেশ্যে।
এরপর ঘোষণা আসে, ১০ মিনিটের জন্য স্থগিত করা হয়েছে খেলা। মিনিট বিশেক পর আবার খেলা শুরু হলেও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি রিয়াল। পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের জালে বল পাঠায় অ্যাথলেটিকো।
কোরেয়ার গোলটি রেফারি শুরুতে হ্যান্ডবলের জন্য দেননি। তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান পরে। হ্যান্ডবল হয়নি, অফসাইডেও ছিলেন না কোরেয়া। শেষ সময়ে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকোর মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে। তবে ম্যাচ আর এদিক সেদিক হয়নি।