প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩০ পিএম
দাপট দেখিয়ে মাস দুয়েক আগে বিশ্বকাপ জিতেছে ভারত। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তারা এক নম্বর দল। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে কুড়ি কুড়ির ফরম্যাটে দলটি অনেকটা অপ্রতিরোধ্য। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি আবার নিজেদের মাটিতে। তবে অতসব কিছু মাথায় রাখতে চান না রিশাদ হোসেন। টাইগারদের তরুণ স্পিনিং অলরাউন্ডারের বিশ্বাস দলগত খেলা খেলতে পারলে শুধু ম্যাচ নয়, ভারতের বিপক্ষে সিরিজও জিততে পারে বাংলাদেশ।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজে নামবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের বাকি দুই ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে এবং শেষ ম্যাচটি ১২ অক্টোবর হায়দ্রবাদে। তিন ভেন্যুতে খেলা হলেও উইকেট কিংবা কন্ডিশন নিয়েও অত চিন্তা করছেন না রিশাদ। তরুণ লেগ স্পিনারের মতে, সিরিজটি চ্যালেঞ্জিং হলেও ছাড় দেবে না বাংলাদেশ।
আজ শনিবার মিরপুরে রিশাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লম্বা সময়। স্বস্তির কথা জানিয়েছেন সিরিজ জয়ের লক্ষ্যে নিজেদের প্রস্তুতি নিয়ে। নিজের লক্ষ্য, বিগ ব্যাশে কয়েকটি ম্যাচ খেলা, দলের চাওয়া শুনিয়েছেন তরুণ স্পিনার। কাগজে-কলমে ভারত যে বাংলাদেশের চেয়ে এগিয়ে, মানছেন রিশাদ। তবে জয়ের মানসিকতা থেকে সরছে না, ‘ভারত সবসময় ভালো দল। মনে হয় টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি, আমরা সিরিজ জিতে আসব। প্রস্তুতিও ওইভাবেই হচ্ছে। আমরা কেউ মনে করছি না সিরিজ জিততে পারব না। ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতে আসব।’
টি-টোয়েন্টিতে দুদলের মুখোমুখি দেখায় এখন অবধি একবার মাত্র জিততে পেরেছে বাংলাদেশ। মোট ১৪ ম্যাচের বাকি ১৩টিতেই দেখেছে হার। যোজন এগিয়ে থাকা ভারত এবার অবশ্য টি-টোয়েন্টিতে দ্বিতীয় সারির দল খেলাতে পারে বলে খবর। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনেক তারকা ক্রিকেটারকে আসন্ন সিরিজে বিশ্রামে দিতে পারে ভারতের ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগ থাকবে, তবে চিন্তার হতে পারে ভিন্ন ভিন্ন ভেন্যু।
ম্যাচের আগে ট্রাভেল, ভিন্ন কন্ডিশন এবং উইকেট— ওসব ব্যাপার নিয়েও খুব বেশি চিন্তিত নন রিশাদ। টাইগার স্পিনার বলেছেন, ‘আমরা ওইভাবেই অনুশীলন করছি এবং উইকেট তো আমাদের হাতে নেই। যে পরিস্থিতি বা উইকেট আসুক আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। আমরা ওই প্রস্তুতি নিচ্ছি, যে কন্ডিশনই আসুক না কেন আমরা যেন ওইখানে পারফর্ম করতে পারি।’