প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৫ পিএম
কানপুরে আজ অলস কেটেছে শান্তদের সময়, খেলা গড়ায়নি এক মিনিটের জন্যও— কানপুর থেকে ছবি তুলেছেন আ. ই. আলীম
পূর্বাভাস ছিল, খেলায় বাগড়া দিতে পারে বৃষ্টি। দিয়েছেও। কানপুরে অবশ্য একটু বেশিই বেরসিক হয়ে পড়েছে আবহাওয়া। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টসটাই ঠিক সময়ে হয়নি। টেস্টের প্রথম দিনে ৩৫ ওভার ব্যাটিং করেছিল বাংলাদেশ তাও। আজ শনিবার পিচের নীল কাভার ওঠানোর সুযোগই পায়নি মাঠকর্মীরা। একটি বলও গড়ায়নি। দ্বিতীয় দিনে বৃষ্টিবিলাসেই কেটেছে ক্রিকেটারদের। যদিও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভাবনায় বৃষ্টি নয়, তার চিন্তার পুরোটা জুড়েই উইকেট। খেলা হলে আগামী দিনগুলোতে পিচ কেমন আচরণ করবে, সেদিকেই নজর বাংলাদেশ অধিনায়কের।
কানপুরে প্রথম দিনে ৩ উইকেট হারায় বাংলাদেশ, জমা করে ১০৭ রান। বুমরাহ-সিরাজদের চোখরাঙানি উপেক্ষা করে সেদিন দলকে টেনেছিলেন মুমিনুল হক। বৃষ্টি বাগড়ায় অপেক্ষায় থাকা মুমিনুল ব্যাট করছেন ৪০ রানে। ৬ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। এমন অবস্থায় ম্যাচকে সমান সমান দেখছেন শান্ত।
টেস্টের প্রথম দিন খেলা থেমে যায় লাঞ্চের আগেই। আজ পুরো দিনই রাজত্ব করেছে বৃষ্টি। শান্ত বলেছেন, ‘খেলোয়াড়দের জন্য এটা (খেলতে না পারা) হতাশাজনক।’ তবে আগামীকাল পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ তৃতীয় দিনেও বৃষ্টি বাগড়ার আশঙ্কা থাকলেও চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির দাপট থাকবে না। সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শান্তর।
বৃষ্টির আগের আর পরের পিচের আচরণ এবং খেলার মোমেন্টামও নষ্ট হতে পারে মনে করছেন শান্ত। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শান্ত বলেছেন, ‘উইকেট ভালোই ছিল। এখানে চ্যালেঞ্জ যেটা বেশি, কেননা বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে। এটা কঠিন একটা ব্যাপার। তা ছাড়া আমি বলব উইকেট ভালোই ছিল। সামনে হয়তো ডে থ্রি, ডে ফোর…যেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না। সে ক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে, উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।’
কানপুরে আগের দিন মাঠকর্মীদের যতটা ব্যস্ততা ছিল, আজ তার কিছুই দেখা যায়নি। বৃষ্টি এতটাই বেরসিক হয়ে পড়েছিল যে দুপুর গড়াতেই দুদলের খেলোয়াড়রা হোটেলে ফেরে। আগামীকালও লাঞ্চের আগে খেলা শুরুর সম্ভাবনা কম। খেলা থেমে থাকায় শান্তও লুকাননি হতাশা, ‘অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর বন্ধ হয়ে গেল। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই।’
কানপুর টেস্টে এখন অবধি খেলা গড়িয়েছে আড়াই ঘণ্টার মতো। টেস্টের এমন অবস্থায় ভারত বা বাংলাদেশ— কোনো দলকেই এগিয়ে রাখছেন না শান্ত, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে। ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল। এখনও ভালোই আছে। আমি বলব না যে, খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’