প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২ পিএম
শুধু আক্রমণাত্মক ব্যাটিং ও কিপিং নয়,
মজার মজার উক্তির জন্যও ঋষভ পান্তের আলাদা পরিচিতি আছে। উইকেটের পেছনে প্রায় সময়ই বিপক্ষ
দলের ব্যাটারের সঙ্গে স্লেজিং-রসিকতায় মেতে ওঠেন ভারতের এই উইকেটরক্ষক। স্টাম্প-মাইকের
বদৌলতে তা শুনতে পান পর্দার দর্শকরা। এবার কানপুর টেস্টে বাংলাদেশের মুমিনুল হকের উচ্চতা
নিয়ে তার রসিকতা ধরা পড়ে স্টাম্প-মাইকে।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম
দিন ইনিংসে ৩৩তম ওভারে বোলিং করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। স্ট্রাইকপ্রান্তে তখন মুমিনুল।
এ রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং শুরু করেন অশ্বিন। প্রথম বলে এলবিডব্লিউর আবেদন ওঠে।
তবে অশ্বিন জানতেন তা সুইপ করার সময় বল মুমিনুলের ব্যাটেই লেগেছে। এরপর ৫ ফুট ২ ইঞ্চি
উচ্চতার মুমিনুলের সম্পর্কে পান্ত বলে ওঠেন, ‘আমরা তার হেলমেটে (বল লাগিয়ে) থেকে এলবিডব্লিউ
নিতে পারি, ভাই (অশ্বিনকে)।’
যা শুনে ধারাভাষ্যকক্ষে থাকা কিংবদন্তি
সুনীল গাভাস্কার ও দিনেশ কার্তিক হাসিতে ফেটে পড়েন। পরে গাভাস্কার বলেন, ‘হিন্দিতে
পান্ত যেটা বোঝাতে চাইছে, হেলমেটে (বল) লাগিয়েও এলবিডব্লু নেওয়া যেতে পারে। সে আসলে
মুমিনুলের উচ্চতাকে ইঙ্গিত করেছে। শুধুমাত্র ঋষভ পান্তই এভাবে ভাবতে পারে।’
এদিকে বৃষ্টির কারণে কানপুর টেস্টের
দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। এর আগে প্রথম দিনেও হানা দিয়েছিল বৃষ্টি। ৩৫ ওভার
শেষে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত
আছেন। ভারতের পেসার আকাশ দীপ ২টি ও রবিচন্দ্রন অশ্বিন পান ১টি উইকেট।