প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম
গত বছরের মার্চে আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়িয়েছিলেন আলিম দার। তখনই পাকিস্তানি এই আম্পায়ারের অবসরের গুঞ্জন তৈরি হয়েছিল৷ যদিও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে গত এপ্রিলে পাকিস্তান- নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেন। এবার দীর্ঘ প্রায় ২৫ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৫৬ বছর বয়সি এই কিংবদন্তি।
অবসরের ঘোষণা দিলেও চলতি বছরের বাকি সময়টা আম্পায়ারিং করেই যাবেন তিনি। আগামী বছরের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন৷ অবসরের ঘোষণায় এক বিবৃতিতে আলিম দার বলেন, ‘প্রায় ২৫ বছর আম্পায়ারিং ছিল আমার জীবনের অংশ। প্রজন্মের সেরা ক্রিকেটারদের কিছু দুর্দান্ত ম্যাচ পরিচালনার আকাঙ্ক্ষা আমার সবসময়ই ছিল। পুরো ক্যারিয়ারে আমি ম্যাচ পরিচালনায় পুরো পেশাদারিত্ব ধরে রাখতে চেষ্টা করেছি এবং বিশ্বের সবচেয়ে সেরা কিছু ম্যাচ অফিসিয়ালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।’
পাকিস্তানের জার্সিতে কখনও খেলা হয়নি আলিম দারের৷ ১৯৯৮-৯৯ কায়েদে আজম ট্রফিতে আম্পারিংয়ে অভিষেক হয় তার। এরপর নিজেকে নিয়ে যান আম্পায়ারদের সর্বোচ্চ স্তরে। চারটি বিশ্বকাপসহ রেকর্ডগড়া ১৪৫ টেস্ট ও ২২২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে স্বীকৃতিও পেয়েছেন আলিম দার৷
পাকিস্তানের এই আম্পায়ার ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ‘ডেভিড শেফার্ড’ ট্রফি পেয়েছেন। ২০০২ সালে আইসিসির এলিট প্যানেল প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তানের প্রথম আম্পায়ার হিসেবে সেখানে জায়গা করে নেন।