× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৭

বাংলাদেশ-পাকিস্তান সেমির লড়াই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩ পিএম

আজ থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ছবি : বাফুফে

আজ থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ছবি : বাফুফে

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সে অর্থে এখনও সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে কোনো জয় না পেলেও অন্য দলের ভরাডুবিতে সেমিফাইনাল নিশ্চিত হয় সাইফুল বারী টিটুর দলের। সেসব এখন অতীত। সেমিফাইনাল মানেই একটি ম্যাচ। নকআউট ম্যাচে ভালো খেলেই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশের যুবারা। আজ থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আগে দুপুর ২টায় প্রথম সেমিতে ভারতকে মোকাবিলা করবে নেপাল।

বয়সভিত্তিক সাফের এই ক্যাটাগরিতে সর্বশেষ ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারত। এবারও আলাদা সেমিফাইনালে পড়েছে প্রতিবেশী দুই দেশ। ফাইনালে ফের বাংলাদেশ-ভারত ম্যাচের সম্ভাবনা দেখছেন তাই অনেকে। তার আগে অবশ্য নেপালের বিপক্ষে জিততে হবে ভারতকে, আর বাংলাদেশকে টপকাতে হবে পাকিস্তান বাধা। চার গ্রুপের দল থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। আর তিন গ্রুপের দল থেকে দুই খেলায় বাংলাদেশের সংগ্রহ ছিল স্রেফ এক পয়েন্ট। এই সমীকরণ থেকেই কিছুটা অনুমেয়Ñ ফাইনাল নিশ্চিত করতে লড়াই করেই জিততে হবে বাংলাদেশকে। সেটি অজানা নয় দলের অধিনায়ক নুরুল হুদা ফয়সালের। ম্যাচের আগের দিন বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বলেছেন, ‘অবশ্যই পাকিস্তান অনেক ভালো দল। ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর আমরা গ্রুপ রানার্সআপ, একটু কঠিন তো হবেই। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’ 

গ্রুপ পর্বে প্রথম খেলায় ভারতকে প্রায় আটকেই দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে পয়েন্ট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচের মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই মোরশেদ আলীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু শেষ সময়ের গোলে ওই ম্যাচে দুই পয়েন্ট হারান নাহিদ-ফয়সালরা। সেই ভুল আর সামনের ম্যাচে করতে চায় না বাংলাদেশ। নুরুল হুদার কথায়, ‘সবশেষ ম্যাচের পর আজকের দিন (গতকাল) নিয়ে পাঁচ দিন সময় পেয়েছি। এ সময় কোচ আমাদের ভুল ধরিয়ে দিয়েছে, আমরাও শুধরানোর চেষ্টা করেছি। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার টেষ্টা করব।’ আগের দুই ম্যাচ নিয়ে আর ভাবতে চায় না দল। সামনে নকআউট ম্যাচ, নির্দিষ্ট দিনে যারাই ভালো খেলেবে তারাই জিতবে বলে মনে করেন তিনি, ‘এখানে দুইটা ম্যাচ আমরা ভালো-মন্দ মিলিয়ে শেষ করেছি। এখন আমরা সেমিফাইনালে.. নকআউটে পর্বে পৌঁছে গেছি। আগামীকাল (আজ) আমাদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ; কোচ ও ট্রেইনারদের সঙ্গে কাজ করে আমরা আগামীকালকের জন্য প্রস্তুত হয়েছি।’ 

এই ম্যাচের জন্য প্রস্তুতিটা অবশ্য আরও আগে থেকেই নেয় বাংলাদেশ। মূলত ভারত ম্যাচের পর থেকেই বাংলাদেশ ধরে নিয়েছিল তারা সেমিফাইনালে পাকিস্তানকে পেতে পারে। যে কারণে দীর্ঘদিন ধরে পরিকল্পনা সাজাতে পেরেছেন কোচ সাইফুল বারী টিটু। এমনটাই জানিয়েছেন দলর সহকারী কোচ আতিকুর রহমান মিশু, ‘ভারত ম্যাচের পর থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। ওদের (পাকিস্তান) আগের ম্যাচের ভিডিও ছেলেদের দেখানো হয়েছে, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার জায়গা বোঝানো হয়েছে। সেই সঙ্গে আমাদেরও কিছু ভুল ছিল, স্কোরিংয়ের ক্ষেত্রে আমরা কিছু সুযোগ মিস করেছি এবং কিছু মোমেন্টাম আমরা ধরতে পারিনি; সেসব নিয়ে কাজ করেছেন কোচ এবং আমরা সবাই মিলেই। তো ভালো কিছুই হবে।’ পাকিস্তানের বিপক্ষে সতর্ক হয়ে খেলতে চায় বাংলাদেশ। কেননা এই দলটাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ গোল দিয়ে জিতেছে। খেলাতেও তাদের গতি ছিল চোখে পড়ার মতো। সেটিই খেলোয়াড়দের জানিয়েছেন আতিকুর রহমান, ‘পাকিস্তানের খেলা দেখে আমরা যা বুঝেছি… ট্রানজিশনে, স্পেশালি কাউন্টার অ্যাটাকে তারা খুবই ফাস্ট এবং তাদের ফরোয়ার্ডরা প্রতিপক্ষের স্পেস কাজে লাগাতে চায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সতর্ক এবং সে হিসেবেই ছেলেদের প্রস্তুত করা হয়েছে।’ 

ভুটানে এই ম্যাচের আগে বাংলাদেশের জন্য অনুশীলন সেশন করা মোটেও সহজ ছিল না। বৈরী আবহাওয়ার মধ্যেও অবশ্য ছুটি নেই খেলোয়াড়দের। কোচেরা নিবিড় অনুশীলন করিয়েছেন তাদের। সবকিছুর শেষে ফাইনালেই চোখ দলের ম্যানেজার কামরুল হাসান হিল্টনের, ‘ভুটানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের ছেলেরা অনুশীলন সেশন করেছে। এখানে আগামী কয়দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আমরা বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ছেলেরা দৃঢ় আত্মপ্রত্যয়ী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা