প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৬ পিএম
কানপুরে বাংলাদেশ দলের সুপার ফ্যান ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ; ছবি : সংগৃহীত
কানপুরে বাংলাদেশ দলের সুপার ফ্যান
‘টাইগার রবি’কে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রিন পার্কে বাংলাদেশ
ও ভারতের দ্বিতীয় টেস্টের মধ্যাহ্ন বিরতির সময় গ্যালারিতে প্রায় ১৫ জন ভারতীয় সমর্থক
মিলে হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন রবি। তার পাঁজরে আঘাত করার কথাও বলেছেন বাংলাদেশ
দলের এই সমর্থক। পরে তাকে উত্তর প্রদেশ পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে
রবি জানিয়েছেন, ‘সকাল থেকে দর্শকদের একাংশ আমাকে গালিগালাজ করেছে। লাঞ্চের বিরতির পর
আমি শুধু নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের নাম বলতে লাগলাম। এ সময় তাদের মধ্যে কয়েকজন
আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা
করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।’
কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি
উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতির
জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাঁধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই
ভারতীয় সমর্থকদের হামলার শিকারের পর মাঠের বাইরে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমরে আঘাতের শিকার হয়েছেন। একপর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি
করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তবে কল্যাণপুর পুলিশের এসিপি অভিষেক
পান্ডে বলেছেন, ‘ডিহাইড্রেশনের কারণে তিনি ভেঙে পড়েছিলেন। পুলিশ ও চিকিৎসাকর্মীরা
দ্রুত তাকে সাহায্য করতে ছুটে আসেন এবং হাসপাতালে নিয়ে যান। তিনি এখন ভালো বোধ করছেন।
হামলা সম্পর্কে জল্পনা সম্পূর্ণ ভুল। তিনি কোনো দর্শকের দ্বারা আঘাত পাননি।’
এর আগে চেন্নাই টেস্টেও ভারতীয় সমর্থকদের
দ্বারা হেনস্থার অভিযোগ করেছিলেন রবি। টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনার বাইরে
সাংবাদিকদের সামনে প্রকাশ করায় তার ওপরে হামলার চক্রান্ত করা হচ্ছে, দিন তিনেক আগেই
অবশ্য এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যদিও ঠিক কাদের দ্বারা
আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে, তা এখনও প্রকাশ্যে
আসেনি।
এদিকে মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক
অবস্থানে নেই বাংলাদেশ। আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে
১০৭ রান করেছে সফরকারীরা।