প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৬ এএম
স্প্যানিশ লা লিগার ম্যাচে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। সংগৃহীত ছবি
চ্যাম্পিয়ন্স লিগে এএস মোনাকোর বিপক্ষে হারলেও লা লিগায় নিজেদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বার্সেলোনা। বুধবার রাতে গেতাফের বিপক্ষে পাওয়া জয়ে টানা সাত ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
স্প্যানিশ লা লিগার ম্যাচে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ২০১৭ সালের পর এই প্রথম লিগের প্রথম সাত ম্যাচেই জিতল তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডফস্কি। এ জয়ের ফলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের এগিয়ে থাকার ব্যবধান ৪ পয়েন্ট। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তলানি থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গেতাফে।
এদিন খেলার প্রথমার্ধের ১৯ মিনিটে গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লেভানডস্কি। জুলস কুন্ডের ক্রস ধরতে ভুল করেন সোরিয়া, আর সে সুযোগে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের সপ্তম গোল করেন এ পোলিশ তারকা।
এরপর প্রায় ৮০ শতাংশ বল দখলে রেখে ম্যাচে ১৬ শট নেয় বার্সেলোনা। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় বড় ব্যবধানে জয় থেকে বঞ্চিত হয় তারা। ম্যাচ শেষে কুন্ডে বলেন, ‘আমরা ভালো এবং নিয়ন্ত্রিত ফুটবল খেলেছি, আরও গোল করতে পারতাম। কিন্তু সব সময় বড় ব্যবধানে জেতা সম্ভব হয় না।’
আগামী শনিবার ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা খেলবে ইয়াং বয়েজের বিপক্ষে।