ইংলিশ লিগ কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২৪ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৫ পিএম
ম্যানসিটির জয়ের নায়ক ম্যাথিউস নুনেজের গোলের উল্লাস
রবিবার রাতে আর্সেনালের বিপক্ষে যে একাদশ নামিয়েছিলেন, সেখান থেকে ৯ জনকে বেঞ্চে রেখে মঙ্গলবার দল সাজান কোচ পেপ গার্দিওলা। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে অবশ্য ওয়াটফোর্ডকে ধরাশায়ী করতে একটুও বেগ পেতে হয়নি সিটির। ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় স্তরের দল ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের শেষ ষোলোতে উঠেছে ম্যানসিটি। লিগ কাপের পরের ম্যাচেও দ্বিতীয় সারির দল নামাবেন গার্দিওলা, ‘আমি ঘোষণা দিয়ে দিচ্ছি পরের রাউন্ডেও আমি দ্বিতীয় সারির দল নামাব। এটা একদম নিশ্চিত যে আমরা শক্তির অপচয় করব না।’
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর খেলা শুরুর তিন মিনিট না যেতেই লিড দাঁড়ায় ৩-০-তে। তবে জয়টা কিন্তু অতটা সহজ হয়নি। ম্যাচের শেষ ১০ মিনিটে রিয়াল শিবিরে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল আলাভেস। ম্যাচের ৮৫ ও ৮৬ মিনিটে ২ গোল করে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পয়েন্ট কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছিল দলটি। তবে শেষ হাসি হেসেছে রিয়ালই। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ জয়ের মধ্য দিয়ে লা লিগায় প্রথম কোচ হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তি। স্প্যানিশ লিগে বছরখানেক আগে আতলেতিকো মাদ্রিদের মাঠে হার মেনেছিল রিয়াল। আর ইতালিয়ান কোচ আনচেলত্তি এ পথে ভেঙে ফেলেছেন রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সার টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
তিন গোলের লিড নেওয়ার পর শেষ সময়ে দুই গোল খাওয়াটা ভালো লাগেনি আনচেলত্তির। তবে এজন্য ফুটবলারদের কাঠগড়ায় তুলছেন না কোচ। বরং তার আগে করা দারুণ পারফরম্যান্স থেকে প্রাপ্তিগুলোকে এগিয়েই রাখছেন, ‘ফুটবল খেলাটাই এমন। এরকম হয়েই থাকে। অনেক সময় মনে হয়, কাজ শেষ এবং মনোযোগ কমে যায়। এই সুযোগে প্রতিপক্ষ সুযোগ পেয়ে গোল করে বসে এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে, নিজেদের বিশ্বাস তখন নড়ে যায়। ফুটবলে এটা হতেই পারে এবং এবারই শেষ নয়।’
স্প্যানিশ লিগে প্রথম তিন ম্যাচে গোল খরায় ভুগলেও এমবাপের গোল এখন ৫টি। সেই সুবাদে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় উঠে গেছেন দুইয়ে। ম্যাচ শেষে এমবাপের ফর্ম আর আক্রমণাত্মক পারফরম্যান্স নিয়ে খুশি কোচ আনচেলত্তি, ‘সে (এমবাপে) দারুণ। তার কাছ থেকে এমন কিছুই প্রত্যাশিত। শুধু সে নয়, আক্রমণে সবাই খুব ভালো করছে। প্রথম এক ঘণ্টায় আমরা দারুণ খেলেছি। বিভিন্ন পথে আক্রমণ করেছে এবং সুযোগ বের করে নিয়েছে। সব মিলিয়ে দল উন্নতি করছে ক্রমেই, আমাদের জন্য যা ইতিবাচক ব্যাপার।’