সাফ অনূর্ধ্ব-১৭
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৩ পিএম
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ছবি : বাফুফে
ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচ না জিতেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হার। দ্বিতীয় ম্যাচেও শেষ দিকের গোল হজমে মালদ্বীপের সঙ্গে ড্র ১-১ গোলে। এরপর ভারত বনাম মালদ্বীপ ম্যাচের ফলের ভিত্তিতে শেষ চারে জায়গা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই খেলায় মালদ্বীপ ও বাংলাদেশের সমান এক পয়েন্ট হলেও গোলগড়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পেয়েছে সাইফুল বারী টিটুর দল। ভারত দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপসেরা। বুধবার জানা গেল, সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
এদিন ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক ভুটানকে মোকাবিলা করে নেপাল। এই গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলে পাকিস্তানকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতো ভুটান। কিন্তু এগিয়ে গিয়েও নেপালের সঙ্গে পেরে ওঠেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত প্রতিবেশীদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ভুটান। অথচ প্রথমার্ধে এক গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছিল তারা। এই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেও শেষ চারে খেলতে পারত ভুটান। কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে নেপাল। ফাইনালে ওঠার লড়াইয়ে নেপাল পেয়েছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতকে। ‘বি’ গ্রুপের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তান, তাদের পয়েন্ট ৭। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেপাল। আর চার পয়েন্ট পাওয়া ভুটানের অবস্থান গ্রুপের তলানিতে।
এর আগে এক ম্যাচে ড্র এবং অন্য ম্যাচে হেরে ভারতের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। সমীকরণ ছিল এমনÑ মালদ্বীপকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে হারালেই সেমিতে খেলবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতের জয়ের সুবাদেই সেমিফাইনালের টিকিট কেটেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল মালদ্বীপ। সেটি হলুদ কার্ড দেখায়। বাংলাদেশের ফুটবলাররা মালদ্বীপের ফুটবলারদের তুলনায় হলুদ কার্ড একটি বেশি পেয়েছিলেন। তবে ভারতের বিপক্ষে ম্যাচে মালদ্বীপের পাশে আরও একটি হলুদ কার্ড যোগ হওয়ায় এসেছিল সমতা। সেটি ম্যাচের ৭০ মিনিটে।
এর আগ পর্যন্ত মালদ্বীপ ১-০ গোলে পিছিয়ে পড়লেও হলুদ কার্ডের হিসাবে ছিল এগিয়ে। মালদ্বীপের ফুটবলার হলুদ কার্ড দেখার পর দ্বিতীয় গোলও হজম করে তারা। এতেই বাংলাদেশের সেমিফাইনালে নাম লেখানোর কাজটা সহজ হয়ে যায়। ম্যাচের শেষ দিকে ভারত পায় তৃতীয় গোলের দেখাও। ১৩, ৭৪ ও ৮৯ মিনিটে ৩টি গোল করেছে ভারত।