প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৫ পিএম
টেস্ট র্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন শান্ত, পাঁচ ধাপ এগিয়েছেন হাসান— সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট ভালো যায়নি বাংলাদেশের। ব্যাটিংয়ে ভরাডুবি ছাড়াও বোলিংয়েও বড় কিছু করতে পারেননি টাইগার ক্রিকেটাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে এসেছে ২৮০ রানের বড় হার। সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও পড়েছে বড় ছাপ। তবে অবনতি ছাড়াও উন্নতি হয়েছে কয়েকজনের ব্যক্তিগত টেস্ট র্যাঙ্কিংয়ে।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে আজ বুধবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিয়েছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ। এ ছাড়া ব্যাটিংয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের।
ব্যাট হাতে ব্যর্থতার কারণে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস পিছিয়েছেন। পাকিস্তান সিরিজে ফর্মে থাকা লিটন চেন্নাইয়ে হতাশ হয়েছেন ব্যাট হাতে। ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন টাইগারদের উইকেটকিপার ব্যাটার। মুশফিকুর রহিম ৬ ধাপ পিছিয়েছেন। আছেন বর্তমানে ২৩ নম্বরে। টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক ১১ ধাপ পিছিয়ে নেমেছেন ৫৮ নম্বরে।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন শান্ত। এর সুবাদে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন তিনি। এ ছাড়া দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করে এক ধাপ (৪৩) এগিয়েছেন সাকিব। চিপকে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া হাসান বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৫ ধাপ। ধারাবাহিক সাফল্য পাওয়া ডানহাতি পেসার এসেছেন ৪৪তম স্থানে।
আরেক পেসার তাসকিন আহমেদের উন্নতি হয়েছে আট ধাপ। ভারতের চার ব্যাটার ফেরানো তাসকিন আছেন ক্যারিয়ার সেরা ৩০৮ রেটিং পয়েন্ট নিয়ে ৬৩তম স্থানে। স্পিডস্টার নাহিদ রানা এক ধাপ এগিয়ে ৭৮তম স্থানে উঠেছেন। তবে অবনতি হয়েছে দুই স্পিনার সাকিব ও মিরাজের। ৬ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমে গেছেন সাকিব। মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে আছেন ২২ নম্বরে।