× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চতুর্থ দিনেই হারের শঙ্কা

তৃতীয় দিনশেষে ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:১২ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৬ পিএম

আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশকে টেনেছেন অধিনায়ক শান্ত। অপরপাশে আস্তার হয়ে কাল খেলবেন সাকিব। ছবি : আ. ই. আলীম; চেন্নাই থেকে

আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশকে টেনেছেন অধিনায়ক শান্ত। অপরপাশে আস্তার হয়ে কাল খেলবেন সাকিব। ছবি : আ. ই. আলীম; চেন্নাই থেকে

চেন্নাই টেস্টের তৃতীয় দিনশেষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও সেটি ধরে রাখতে পারেনি টাইগাররা। হারের শঙ্কা নিয়েই দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করেছে শান্তর দল। ভারতের দেওয়া ৫১৫ রানের লক্ষ্যে চার উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩৭৬ ও ২৮৭/৪ ডি. করেছে ভারত। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হওয়া টাইগারদের ম্যাচ জিততে প্রয়োজন আরো ৩৫৭ রান। আগামীকাল বাংলাদেশকে টানবে ফিফটি করে অপরাজিত থাকা শান্ত ও সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ (আগের দিন ৮১/৩) (গিল ১১৯*, পান্ত ১০৯, রাহুল ২২*; মিরাজ ২/১০২, তাসকিন ১/২২, নাহিদ ১/২১)।
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ১/১৮, অশ্বিন ৩/৬৩)।

জাকির-সাদমানের পর ফিরলেন মুমিনুল

ওপেনিং জুটিতে জাকির হাসানের সাথে দারুণ জুটি গড়েছিলেন সাদমান ইসলাম। তবে ৬২ রানের মাথায় জাকিরকে স্লিপে যশস্বী জয়সোয়ালের ক্যাচ বানিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার যশপ্রীত বুমরাহ। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামও টিকতে পারেননি।

চেন্নাই টেস্টে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম উইকেট তুলে দেন বাঁহাতি এই ব্যাটার। শর্ট মিডউইকেটে শুভমান গিল ক্যাচ তালুবন্দি করে নিয়েছেন। ৬৮ বলে ৩৫ রান করেছেন সাদমান। এরপর অশ্বিনের দ্বিতীয় শিকার হন ১৩ রান করা মুমিনুল। দলকে লম্বা রানের লক্ষ্যে টানছেন অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩২ ওভারে ১৩৫/৩ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৪০*, মুশফিক ৪*; বুমরাহ ১/১৮, অশ্বিন ২/৪১)। 

জাকিরকে সাজঘরে ফেরালেন বুমরাহ

জাকির হাসানের বিদায়ে ভাঙল উদ্ধোধনীতে ৬২ রানের জুটি। ৩৩ রান করা জাকিরকে স্লিপে যশস্বী জয়সোয়ালের ক্যাচ বানালেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। নিচু হয়ে আসা ক্যাচটি দারুণভাবে লুফে নিয়েছেন জয়সোয়াল। আরেক ওপেনার সাদমান হোসেনের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৮ ওভারে ৬৮/১ (জাকির ৩৩, সাদমান ৩০*, শান্ত ১*; বুমরাহ ১/১৪)। 

চা বিরতির আগে অবিচ্ছিন্ন জাকির-সাদমান

টানা দুই টেস্টে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি জাকির-সাদমানের; ছবি : আ. ই. আলীম; চেন্নাই থেকে

চেন্নাই টেস্ট জিততে হলে চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড করতে হবে বাংলাদেশকে। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছে সফরকারীদের। জাকির হাসান ও সাদমান ইসলামের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতেই তৃতীয় দিনের চা পানের বিরতিতে গেছে টাইগাররা।

বিরতিতে যাওয়ার আগে ১৩ ওভারে ৫৬ রান করেছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর দলকে জয়ের জন্য এখনও ৪৫৯ রান করতে হবে। জাকির ৩২ ও সাদমান ২১ রানে ব্যাট করেছিলেন। টেস্টে দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ফিফটি পেলেন সাদমান–জাকির। সবশেষ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেছিলেন তারা। 

বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫ রান

প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৪৯ রানেই থেমে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে রোহিত শর্মার দল। বাংলাদেশের সামনে এখন জয়ের জন্য লক্ষ্য ৫১৫ রানের। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।

পান্তের পর সেঞ্চুরি পেয়ে গেয়েছেন গিলও। ছবি : আ. ই. আলীম; চেন্নাই থেকে

টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আড়াই দিন হাতে থাকায় 'বদলে যাওয়া' নাজমুল হোসেন শান্তরা নিজেদের কতদূর নিতে পারে দেখা যাক।

২১ মাস পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পান্তের

টেস্ট প্রত্যাবর্তনেই পান্তের সেঞ্চুরি; ছবি: আ. ই. আলীম; চেন্নাই থেকে

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষ করে ভারতের ফেরার পর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ঋষভ পন্ত। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান এরপর টেস্টে ফিরলেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়েই। আর প্রত্যাবর্তনটাকে সেঞ্চুরি করেই রাঙালেন পন্ত।

৮২ রান নিয়ে লাঞ্চে যাওয়া পন্ত দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে সাকিবের বলে ১১ রান তুলে গিলকে পেছনে ফেলে সেঞ্চুরির দৌঁড়ে এগিয়ে যাওয়া পন্ত ফিরে গেছেন সেঞ্চুরি পুরো করার পরের ওভারেই। মিরাজকে ফিরতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৭ বলে ১০৯ রান করেছেন তিনি।

বাংলাদেশের হতাশার সেশন, ৪০০ পেরিয়েছে ভারতের লিড

চেন্নাই টেস্টের লাগাম ভারতের হাতে। কিন্তু ম্যাচের প্রথম দুই দিনের সকালটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশের বোলাররা। তবে তৃতীয় দিনের শুরুটা বেশ বাজেভাবেই করেছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের কোনো উইকেটই তুলে নিতে পারেননি টাইগার বোলাররা। অবশ্য মাঠে বাংলাদেশের ফিল্ডারদের শরীরী ভাষা ছিল হতাশাজনক। সহজ ক্যাচ ফেলে দিয়েছেন। পক্ষান্তরে পুরো সেশন নির্বিঘ্নেই কাটিয়ে লিডটা ৪০০ ছাড়িয়ে নিয়ে গেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শুভমান গিল ও ঋষভ পন্ত। দুজনই ব্যক্তিগত ফিফটি তুলে নিজেদের সেঞ্চুরির দিকে এগোচ্ছেন।

তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করতে নেমে বিরতিতে যাওয়ার আগে গিল-পন্তের অবিচ্ছিন্ন জুটিতে স্কোরবোর্ডে ২০৫ রান করেছে ভারত। মধ্যাহ্নবিরতির আগে দুজনে মিলে ২৮ ওভার ব্যাটিং করে ১২৪ রান তুলেছেন। দুই ইনিংস মিলিয়ে এখন ভারতের লিড ৪৩২ রানের। ৮৬ রানে অপরাজিত আছেন গিল। তার সঙ্গী উইকেটকিপার-ব্যাটার পন্ত অপরাজিত ৮২ রানে।

শনিবারের সকালের শুরুটা দেখেশুনে ব্যাট করছিলেন গিল ও পান্ত। তবে সেশনে শেষ আধা ঘণ্টায় বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তারা। বিশেষ করে সাকিবের ওপর চড়াও হয়েছেন দুজনই। অবশ্য তার বলেই পন্ত ৭২ রানে ব্যাটিং করার সময় তার সহজ ক্যাচ ছেড়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। আগের ওভারে হাসান মাহমুদও পন্তের ক্যাচ মিস করেন। ১৯০ বলে তাদের অবিচ্ছিন্ন জুটি ১৩৮ রানের। ভারত কত রানের পর ইনিংস ঘোষণা করে সেটাই এখন দেখার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা