প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
শুরুর ধাক্কা সামলে দেন চান্ডিমাল ও করুণারত্নে; ছবি: সংগৃহীত
গলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ
সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে
লঙ্কানদের ৩০৫ রানের জবাবে নিউজিল্যান্ড গুঁটিয়ে যায় ৩৪০ রানে। ৩৫ রানে পিছিয়ে থেকে
দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কানরা দিন শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৩৭ রান। ৬ উইকেট
হাতে রেখে ২০২ রানের লিড নিয়ে স্বাচ্ছন্দ্যে আছে ধনঞ্জয়া ডি সিলভার দল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে
তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই লঙ্কান স্পিনারদের সামনে মুখ থুবড়ে পড়ে ৩৪০ রানেই থেমে
যায় নিউজিল্যান্ডের ইনিংস। ড্যারেল মিচেলের ৫৭ রানের পর শেষদিকে গ্লেন ফিলিপস ৪৮ বলে
২ চার ও ৫ ছয়ে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে সফরকারীদের সম্মানজনক লিড এনে দেন। শ্রীলঙ্কার
পক্ষে প্রবাথ জয়সুরিয়া সর্বোচ্চ চার উইকেট শিকার করেন। রমেশ মেন্ডিস তিনটি ও ধনঞ্জয়া
ডি সিলভা নিয়েছেন দুটি উইকেট।
৩৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে
নেমে শুরুতেই পাথুম নিসাঙ্কার (২) উইকেট হারালেও দিমুথ করুণারত্নে ও দিনেশ চান্ডিমাল
১৪৭ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে পথে ফেরান। করুণারত্নে ৮৩ ও চান্ডিমাল ৬১ রান করেন।
কামিন্দু মেন্ডিসও ১৩ রানের বেশি করতে পারেননি। যদিও অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়ার
৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে দিন শেষ করেছেন। দুজনেই অপরাজিত
আছেন ৩৪ রানে। নিউজিল্যান্ডের পক্ষে তিন উইকেট নেন ও’রোর্কে।