প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৬ পিএম
শ্রীলঙ্কা সফরে প্রথমে ওয়ানডে সিরিজ জয়। এরপর টানা তিন ম্যাচ জিতে ২ হাতে রেখেই টি–টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। অবশ্য ব্যাটিং–ব্যর্থতায় চতুর্থ টি–টোয়েন্টিতে হেরে বসেছিল বাংলাদেশের মেয়েরা। তবে বোলারদের ঝলকে পঞ্চম ও শেষ ম্যাচে অনায়াস জয়ে শ্রীলঙ্কা সফরটা দারুণভাবে রাঙিয়ে রাখল সফরকারীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ছোট লক্ষ্য ৮ উইকেট ও ৫০ বল বাকি রেখে তাড়া করেছে বাংলাদেশ। এ জয়ে ৪–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জিতল রাবেয়া খানের দল।
আসন্ন নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলেছে বাংলাদেশ। আগের ম্যাচে পরীক্ষা–নিরীক্ষা করতে গিয়ে অধিনায়ক রাবেয়া খান নিজেই খেলেননি। বিশ্রামে ছিলেন নিগার সুলতানা জ্যোতি, সাথি রানি, সুলতানা খাতুনও। আজ শেষ টি–টোয়েন্টিতে এই চারজনই দলে ফিরেছেন। সাথি ছাড়া অন্য তিনজন নিজেদের কাজটা ভালোভাবেই করেছেন।
এদিন বাংলাদেশ ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক মেয়েরা। এক চেতনা বিমুক্তি ছাড়া লঙ্কানদের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। নয়ে নামা বিমুক্তি করেন দলীয় সর্বোচ্চ ১১ রান। বাকি ১০ জনের স্কোর মুঠোফোন নম্বরের মতো: ৯, ০, ০, ৬, ৯, ৬, ৬, ০, ০, ০*। অতিরিক্ত ৭টি রান না এলে দলীয় ফিফটিও পূরণ হতো না স্বাগতিকদের।
বাংলাদেশের পাঁচ বোলারের প্রত্যেকেই উইকেটের দেখা পেয়েছেন। সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক রাবেয়া। লেগব্রেক এই বোলার ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে শিকার ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তারের। অন্য উইকেটটি সুলতানা খাতুনের।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ নারী ‘এ’ দল। ওপেনার সাথি রানী ‘ডাক’ মারার পর তিনে নামা মুর্শিদা খাতুন ৩ রানে আউট হয়ে যান। শুরুর জোড়া ধাক্কার পর আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। আরেক ওপেনার দিলারা আক্তার ও উইকেটকিপার–ব্যাটার নিগার দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ব্যক্তিগত ৩৩ রানে অপরাজিত থাকেন ওপেনার দিলারা ও নিগার সুলতানা জ্যোতি টিকেছিলেন ২৫ বলে ১৪ রানে।
সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা নারী ‘এ’ দল : ১৬.২ ওভারে ৫৪/১০ (বিমুক্তি ১১, বিহঙ্গ ৯, সান্দামিনি ৯; রাবেয়া ৩/৭, ফাহিমা ২/৯, নাহিদা ২/১০, মারুফা ২/১৪, সুলতানা ১/১২)।বাংলাদেশ নারী ‘এ’ দল : ১১.২ ওভারে ৫৬/২ (দিলারা ৩৩*, নিগার ১৪*, মুর্শিদা ৩, সাথি ০; বিমুক্তি ১/৫, মাদুশানি ১/৯)।ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ এ জয়ী বাংলাদেশ নারী ‘এ’ দল।