× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের প্রতি গম্ভীরের সম্মান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৩ পিএম

বাংলাদেশের প্রতি গম্ভীরের সম্মান

সিরিজের প্রথম টেস্টে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তার আগে আজ বুধবার নিজ মনোভাব এবং সফরকারীদের নিয়ে কথা বলেছেন দলটির প্রধান কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মাদের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম টেস্ট অ্যাসাইনমেন্ট। মহেন্দ্রক্ষণের অপেক্ষমাণ সাবেক তারকা এই ব্যাটার জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করেন তিনি। তবে দল হিসেবে ভারত কাউকেই ভয় পায় না।

সিরিজের আগে ভারতীয় দলের এই সংবাদ সম্মেলনে ‘ভয়’ ও ‘সম্মান’ প্রসঙ্গ এসেছে মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যকে কেন্দ্র করে। অতি সম্প্রতি পাকিস্তানের মাটিতে বাবর আজমদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। আর তাতে এই সিরিজ পাচ্ছে উচ্চমাত্রা। তবে স্বাগতিকদের দলের অধিনায়ক ও কোচ যেন অনেকটাই নির্বিকার। আগের দিন, জয় যে তাদেরই প্রাপ্য, জোর দিয়ে সেই কথা বলেছেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। গতকালও একই সুর প্রতিধ্বনিত হয়েছে গম্ভীরের কণ্ঠেও, ‘আমরা কাউকে ভয় পাই না। কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’ এ সময় অবশ্য পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য নাজমুলদের অভিনন্দন জানিয়েছেন গম্ভীর, ‘পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানাই। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেট খেলাটা জরুরি।’

এই মুহূর্তে ভারত নিজেদের নিয়েই বেশি ভাবছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে জয়ের বিকল্প নেই র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা দলটির। সাফল্যের ধারাবাহিকতায় থেকেই এগিয়ে যেতে চায় ভারত। গম্ভীর জানালেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে।’

সিরিজের প্রায় ১০ দিন আগে অনুশীলন শুরু, যাচাই-বাছাই ও কন্ডিশন বিবেচনায় একটু বাড়তি সতর্ক ভারত। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও একাদশ নিয়ে বেশ গবেষণা করেছেন গম্ভীর। ছয় ব্যাটার ও পাঁচ বোলারকে খেলাতে চান তিনি। ওপেনে রোহিত ও যশস্বী জয়সওয়াল, তিনে শুভমন গিল ও চারে বিরাট কোহলিকে খেলাতে পারেন ভারত কোচ। পাঁচ ও ছয় নম্বরে লোকেশ রাহুল ও ঋষাভ পন্থ খেলবেন। দুই স্পিনার হিসেবে অশ্বিন ও জাদেজা একাদশে থাকবেন। পেস ইউনিটে জাসপ্রিত বুমরা তার ভরসার জায়গায়। তৃতীয় স্পিনার ও দ্বিতীয় পেসারের নাম অবশ্য সরাসরি বলেননি গম্ভীর। দলে দ্বিতীয় পেসারের জায়গায় লড়াই হবে মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের। অভিজ্ঞতার কারণে সিরাজের খেলার সম্ভাবনা বেশি। তৃতীয় স্পিনারের জায়গায় লড়াই হবে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের। ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাদেজার প্রশংসা করেন গম্ভীর, ‘ভারতের ভাগ্য ভালো যে অশ্বিন ও জাদেজার মতো দুই স্পিনার রয়েছে। চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে।’ এ সময় আলাদাভাবে বুমরার নামটিও বলেছেন তিনি, ‘বুমরা বিশ্বের সেরা বোলার। ও যেকোনো পিচে ভালো করতে পারে। ভারতের এই বোলাররা দলের প্রধান শক্তি।’

ভারতের বিপক্ষে ফলাফল মোটেও ভালো নয় বাংলাদেশের। ১৩ টেস্টের ১১টিতেই হার সফরকারীদের। এর মধ্যে আছে ইনিংস ব্যবধানে হারের লজ্জাও। তবে স্বাগতিক পাকিস্তানকে হারানোর টাটকা স্বাদ পাওয়া বাংলাদেশের বিপক্ষে সতর্কতার সঙ্গেই হাঁটতে চায় ভারত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা