প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫১ পিএম
ভারত-বাংলাদেশের টেস্ট লড়াই
শুরু আজ বৃহস্পতিবার থেকে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে
সিরিজের প্রথম টেস্ট। নাজমুল হোসেনদের বিপক্ষে সিরিজ দিয়েই নিজেদের টেস্ট মৌসুম শুরু
হবে রোহিত শর্মাদের। শুরুটা রাঙাতে বেশ তোড়জোড় দেখা যাচ্ছে স্বাগতিক দলের। এরই মধ্যে
অবশ্য বেশ আলোচনা হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে। নভেম্বরের শেষ সপ্তাহে শুরু
হতে যাওয়া এই সিরিজে ভারত ধবল-ধোলাই হতে পারে বলে ধারণা অস্ট্রেলিয়ার তারকা স্পিনার
নাথান লায়নের।
তিনি বলেছেন, ‘১০ বছর আগে
আমরা বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ভারত যখন খেলেছে, তখন
থেকেই ওদের ওপর নজর রাখছি। আমার মাথায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি জিততে
চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।’
টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ভারতকে হারিয়েই ২০২৩ সালে শিরোপা ঘরে তুলেছিল অজিরা। এবারও ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল
হওয়ার সম্ভবনা ব্যাপক। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে একে ভারত, দুইয়ে অস্ট্রেলিয়া।
ফাইনালে পা দিতে ১০ ম্যাচে ৫ জয় প্রয়োজন রোহিতদের। আর ৭ ম্যাচের অন্তত ৪টিতে জয় পেলেই
টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে প্যাট কামিন্সদের।