উয়েফা চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৭ পিএম
ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার শেষ মুহূর্তের অনুশীলনে ইন্টার মিলানের খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত
শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ। নতুন মৌসুমে মঙ্গলবার রাতে মাঠে নেমেছে বায়ার্ন মিউনিখ, লিভারপুল, জুভেন্টাস ও এসি মিলান। আজ রাতে ম্যানচেস্টার সিটিকে মোকাবিলা করবে ইন্টার মিলান। বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। পিএসজি আতিথেয়তা দেবে স্প্যানিশ ক্লাব জিরোনাকে। চলতি বছরে নতুন ফরম্যাটে খেলা হলেও সবার লক্ষ্য একটাই। চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যে গ্রুপ পর্বে বুধবার রাতে এগিয়ে যেতে চাইবে দলগুলো।
চ্যাম্পিয়নস লিগে আজ রাতে খেলা আছে মোট ছয়টি। এটা না বললেও চলে, রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যানসিটি বনাম ইন্টারের ম্যাচ বেশি উত্তাপ ছড়াবে। ২০২২-২৩ মৌসুমের ফাইনালে এই দুই দল মোকাবিলা করেছিল। ইস্তানবুলের সেই ফাইনালে ইতালিয়ান জায়ান্টদের ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল পেপ গার্দিওলার ম্যানসিটি। সে কারণেই এই ম্যাচে আলাদা নজর থাকবে ফুটবলপ্রেমীদের। ফাইনাল হারার ক্ষতে প্রলেপ দিতে চাইবে ইন্টার। চ্যাম্পিয়নস লিগের নতুন আসরে নিশ্চিতভাবেই জয় চাইবে সিমিয়ন ইনজাগির দল। যদিও সিরি’আ চ্যাম্পিয়নরা তাদের নতুন মৌসুম সেভাবে শুরু করতে পারেনি। ইতিহাদে পা রাখার আগে মোনজার বিপক্ষে লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে। লিগের চার খেলার দুটিতে জয় এবং ড্র করেছে বাকি দুই ম্যাচে।
এদিক থেকে অবশ্য বেশ এগিয়ে ম্যানসিটি। ঘরের মাঠে এগিয়ে থাকার পাশাপাশি সবশেষ চারটি লিগ ম্যাচের ফলাফলও সিটিজেনদের পক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ড ট্রফি জিতে ২০২৪-২৫ মৌসুম শুরু করেছে গার্দিওলার দল। পরে চেলসিকে হারিয়ে শুরু হয়েছে তাদের প্রিমিয়ার লিগ অধ্যায়। একে একে লিগের চার ম্যাচেই সমান তিন পয়েন্ট করে আদায় করেছে ম্যানসিটি। এবার তারা জয়ের ধারা অব্যাহত রাখতে চায় চ্যাম্পিয়নস লিগের খেলাতেও। ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমকে গার্দিওলা বলেছেন, ‘প্রথম ম্যাচটা আমরা জিততে চাই। পরে দ্বিতীয়টি। এরপর দেখা যাবে আমরা ভবিষ্যতে কী করতে চাই। আর ম্যাচটা আমাদের ঘরের মাঠে; জেতার জন্য সবকিছুই করতে হবে।’ আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে লম্বা শিডিউলের চাপে পড়তে যাচ্ছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগে ইন্টারকে মোকাবিলা করে পরের সপ্তাহেই আর্সেনালের সামনে পড়বে তারা। এতদূর নিয়ে অবশ্য এখনই ভাবতে চান না গার্দিওলা, ‘আমি ফোকাস করতে চাই আগামীকালকের ম্যাচে (ইন্টারের বিপক্ষে)। এরপর আর্সেনালের বিপক্ষে ম্যাচ আছে। আমি মনে করি মডার্ন ফুটবলে দারুণ কিছু করতে হলে এমন শিডিউল আপনাকে মেনে নিতে হবে।’
কোচের সঙ্গে এই বিষয়ে একমত দলের নেতা রদ্রি। সিটিজেনদের শিরোপা জেতানো ম্যাচের নায়কও তিনি। তার একমাত্র গোলেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ম্যানসিটি। যে কারণে এই ম্যাচের আগে তার দিকেও আলাদা নজর থাকবে। মঙ্গলবার সংবাদমাধ্যমকে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘গতকাল আমি তাদের ম্যাচ দেখেছি। তাদের জানতে অবশ্য ম্যাচে দেখার আবশ্যকতা নেই। নিঃসন্দেহে ইন্টার মিলান খুব গোছানো একটি দল। আমি জানি তাদের খেলোয়াড়েরা কেমন খেলে। তারা ডিফেন্সে ভালো এবং ট্রানজিশনেও চমৎকার। তাদের ফরোয়ার্ডে লাওতারোর (মার্তিনেজ) মতো দারুণ ফিনিশার আছে। মিডফিল্ডে ব্যারেলা এবং ক্যালহানাগলুর মতো দুর্দান্ত খেলোয়াড় আছে।’
ইন্টার মিলান কোচ সিমিয়ন ইনজাগিও জানেন তার দলের শক্তির দিক। যে কারণে লিগের ম্যাচে মোনজার বিপক্ষে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে রেখেছিলেন বেঞ্চে বসিয়ে। ম্যানসিটির বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে আজ্জুরিরা। তারপরও মোনজার বিপক্ষে পরাজয়টা তিনি মেনে নিতে পারেননি। এবার তার চোখ ইতিহাদে। ম্যানসিটিকে হারিয়েই দেশে ফিরতে চায় তার দল। মোনজার বিপক্ষে হারের পর বলছিলেন, ‘এই ড্রয়ে আমি কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছি না। আমাদের আরও পরিশ্রম করতে হবে, সামনে আমাদের আরও বড় ম্যাচ আছে। আশা করি সেখানে দল দারুণ কিছু করে দেখাবে।’ তার কথাতেই এটুকু পরিষ্কার, ম্যানসিটির বিপক্ষে ম্যাচকেই তিনি পাখির চোখ করেছিলেন। এবার প্রত্যাশামতো জয় পেলেই হয়। এদিকে ম্যানসিটিও চাইবে প্রতিপক্ষকে নিজেদের শক্তিমত্তা জানাতে।