প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ‘এ’ দলের জয়রথ চলছিল। ওয়ানডের পর টি-টোয়েন্টি
সিরিজেও দাপট দেখাচ্ছিল বাংলার নন্দিনীরা। টানা তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত
করেছে টাইগ্রেসরা। তবে চতুর্থ টি-টোয়েন্টিতে এসে প্রথমবার হারের মুখ দেখেছে সফরকারীরা।
ব্যাটিং ব্যর্থতায় নাহিদা-জাহানারারা হেরে গেছে ১৯ রানে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থ্রুস্টানে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে
৫ উইকেট হারিয়ে ১২৪ রান করে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৩
বল বাকি থাকতে ১০৫ রানে অলআউট। পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
বৃহস্পতিবার কল্টসে হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায়
সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত
করায় বেঞ্চের শক্তি পরখ করে দেখতে একাদশে ছিলেন না নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান,
ওপেনার সাথি রানী, অলরাউন্ডার রিতু মনি, বোলার সুলতানা খাতুন। তাদের জায়গায় একাদশে
ঢোকা শামীমা সুলতানা, সাকিবুন নাহার, স্বর্ণা আক্তার ভালো করলেও মুর্শিদা খাতুন ও জাহানারা
আলমরা সুযোগ কাজে লাগাতে পারেননি।
আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের ৪০ রানের মধ্যেই ৪ উইকেট তুলে নিয়েছিল
বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন অধিনায়ক সাথিয়া সন্দীপনি
ও পিউমি ওয়াথশালা। পিউমি ২৯ রানে ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত অবিচল ছিলেন সাথিয়া। ৩৩
বলে ৪৬ রান করেন তিনি। শেষদিকে মালশা শেহানি ১৪ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও ফাহিমা খাতুন।
আগের ম্যাচগুলো বাংলাদেশের ব্যাটিং স্বস্তিদায়ক হলেও আজ যেন মুখ
থুবড়ে পড়ল। দলীয় ২১ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ে বিপদে পড়ে সফরকারীরা। এরপর
উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা (৩৮) ও স্বর্ণা আক্তার (২৮) লড়াই চালালেও জয়ের জন্য
যথেষ্ট ছিল না। আসা-যাওয়ার মিছিলে ১০৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল : ২০ ওভারে ১২৪/৫ (সন্দীপনি ৪৬*, ভাতসালা ২৯, মালশা ২১; ফাহিমা ২/১৩, মারুফা ২/২১, জাহানারা ১/৩২)।
বাংলাদেশ নারী ‘এ’ দল : ১৯.৩ ওভারে ১০৫ (শামীমা ৩৮, স্বর্ণা ২৮, নেহার ১৫; বিমুক্তি ২/১৫, থারুকা ২/১৯, বিহঙ্গ ২/২১)।
ফল : শ্রীলঙ্কা নারী ‘এ’ দল ১৯ রানে জয়ী।