প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:০২ পিএম
কাজী সালাউদ্দিন
ফের নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। এ নিয়ে তিনি ছিলেন অনড় অবস্থানে। অবশেষে নিজের সেই অবস্থান থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি। বাফুফের সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
টানা চার মেয়াদে ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদে রয়েছেন সাবেক এ তারকা ফুটবলার। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নির্বাচন না করা নিয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’
শেখ হাসিনা সরকারের পতনের পর সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠতে থাকে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাউদ্দিনের পদত্যাগের জোর দাবি জানায়। সংগঠনটি দুদিন বাফুফের ভবনের সামনে বিক্ষোভও করে। পরে সংগঠনটি সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দেয়।
আলট্রাস এর সেই আলটিমেটামকে পাত্তা না দিয়ে গত ১৩ আগস্ট সালাউদ্দিন জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন না। শুধু তাই নয়, ফের বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন।
বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা। বিভিন্ন দাবি নিয়ে বাফুফেতে হাজির হয়েছিলেন বর্তমান ফুটবলাররাও। এতে সভাপতির চাপ বেড়ে যাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন সালাউদ্দিন।