প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০ পিএম
অবসরের পর ধারাভাষ্যে যোগ দেওয়ার ইচ্ছের কথা আগেও জানিয়েছিলেন। তামিম ইকবাল যদিও ক্রিকেটকে বিদায় জানাননি। এরই মধ্যে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির পরিচালক হতে যাচ্ছেন তিনি। বোর্ড পরিচালক হবেন, নাকি ক্রিকেটে ফিরবেন- এ গুঞ্জন যখন চারদিকে, তখন খান সাহেব ফিরছেন ধারাভাষ্যকার হয়ে। আসন্ন ভারত-বাংলাদেশ হাই ভোল্টেজ সিরিজে তামিমকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়।
ধারাভাষ্য কক্ষে তামিমের অভিষেক অবশ্য আগেই হয়ে গেছে। তবে নিয়মিত দেখা যায়নি। আপাতত ক্রিকেট মাঠের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক এবার পেলেন বড় এক সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো সিরিজে ধারাভাষ্য দেবেন। তামিম ছাড়াও এক ঝাঁক তারকা থাকছেন এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায়।
ভারতে টাইগাররা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। পাঁচটি ম্যাচেই শোনা যাবে তামিমের কণ্ঠস্বর। এছাড়া বাংলাদেশ থেকে আছেন খ্যাতনামা ধারাভাষ্যকার আতহার আলী খান। ভারত থেকে থাকবেন ৩ জন। তারা হলেন- হার্শা ভোগলে, মুরালি কার্তিক ও দীপ দাশগুপ্ত।
গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন তামিম। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তো ২০২০ সালের মার্চের পর অবসরই নিয়ে নিয়েছেন ড্যাশিং এই ওপেনার। এরপর গত বছরের ডিসেম্বরে তামিমের আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয়েছে। এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তিনি। তবে তখন তিনি ছিলেন অতিথি ধারাভাষ্যকার। এবার তামিমকে মাইক্রোফোন হাতে দেখা যেতে যাবে মূল ভূমিকায়।
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ১৫ সেপ্টেম্বর ভারত সফর করবে নাজমুল হোসেন শান্তর দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টের সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর।