× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিভিংস্টোনে সিরিজ সমতায় ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩০ এএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৯ এএম

লিভিংস্টোনে সিরিজ সমতায় ইংল্যান্ড

ইংল্যান্ডের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রাখতে নিজের জাত চেনাতেই হতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই লিয়াম লিভিংস্টোনকেই দেখা গেল। বল হাতে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে খেললেন ৪৭ বলে ৮৭ রানের ম্যাচজয়ী ইনিংস। তার অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতায় ফিরল স্বাগতিকরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কার্ডিফে আগে ব্যাট করে জেইক ফ্রেজার-ম্যাগার্কের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ করে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেট হাতে রেখে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ম্যানচেস্টারে আগামীকাল রাতে মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।

১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮.২ ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর চতুর্থ উইকেটে লিভিংস্টোনের সঙ্গে ৪৭ বলে ৯০ রানের দারুণ এক জুটি গড়েন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা জ্যাকব বেথেল। ১৭তম ওভারে বেথেল যখন ২৪ বলে ৪৪ রান করে আউট হন, জয় থেকে ২৩ বলে ২৫ রানের দূরত্বে ইংল্যান্ড। এরপর দ্রুত আরও ৩ উইকেট হারালেও ১৯তম ওভারে ১টি করে চার-ছক্কায় বাকি কাজটা সহজ করে দেন লিভিংস্টোন।

ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ বলে ৮৭ রান করা লিভিংস্টোন তার ইনিংসে মারেন ৫ ছক্কা ও ৬ চার। এ ছাড়া ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৯ রান। এ ম্যাচে ৭ নম্বর বোলার হিসেবে বোলিংয়ে এসে ২২ রানে ৫ উইকেট নেন ম্যাথু শর্ট। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম ওপেনার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন এ অস্ট্রেলিয়ান।

এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। ট্রাভিস হেড ১৪ বলে ৩১ রান করে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দিয়েছিলেন। এরপর ২৪ বলে ২৮ রান করা ওপেনার শর্ট দ্বিতীয় উইকেটে জেইক ফ্রেজার-ম্যাগার্কের সঙ্গে ২৭ বলে ৩৫ রানের জুটি গড়েন। তৃতীয় উইকেটে জস ইংলিসের সঙ্গে ২৩ বলে ৩২ রানের জুটিও গড়েন ৩-এ নামা ম্যাগার্ক। ২ ছক্কা ও ৪ চারে ৩১ বলে ৫০ রানে আউট হওয়া ম্যাগার্ক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি তুলে নেন ২৯ বলে।

এরপর সপ্তম উইকেটে অ্যারন হার্ডিকে নিয়ে ক্যামেরন গ্রিনের ১৬ বলে অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটিতে ১৯৩ রানের বড় সংগ্রহ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৮ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন গ্রিন। ৯ বলে ২০ রানে অন্য প্রান্ত ধরে রাখেন হার্ডি। লিভিংস্টোন ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৯৩/৬ (ম্যাগার্ক ৫০, ইংলিস ৪২, হেড ৩১; লিভিংস্টোন ২/১৬, কার্স ২/২৬, আদিল ১/৩৫)।
ইংল্যান্ড : ১৯ ওভারে ১৯৪/৭ (লিভিংস্টোন ৮৭, বেথেল ৪৪, সল্ট ৩৯; শর্ট ৫/২২, অ্যাবোট ২/৩৭, হার্ডি ০/২৩)।
ফল : ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা