× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৩ পিএম

দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের

শ্রীলঙ্কায় বাংলাদেশের মেয়েদের জয়রথ যেন চলছেই। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলার নন্দিনীরা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৬.৪ ওভারে মাত্র ৬০ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিক মেয়েরা। এতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল রাবেয়া খানের দল।

আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা আলম ও শামীমা সুলতানারাও।

লঙ্কা সফরের শুরুতে বৃষ্টিবিঘ্নিত দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের সামনে এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেওয়ার হাতছানি। সে লক্ষ্যে আগামীকাল রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে সফরকারীরা। ১৭ সেপ্টেম্বর থ্রুস্টানে চতুর্থ এবং ১৯ সেপ্টেম্বর কল্টসে হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক সাথিয়া সন্দিপনি। দলীয় ২২ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার সাজঘরে ফিরে যান। অবশ্য দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের জুটিতে শক্ত ভিত গড়েন সাথী রানি ও সোবহানা মোস্তারি। অবশ্য দুজনই রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান।

৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫০ রানের ইনিংস খেলেন সাথী। মোস্তারির ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রান। শেষদিকে নিগার সুলতানা জ্যোতির ক্যামিও ইনিংসে ১৬৪ রানের বিশাল পুঁজি গড়ে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেস অধিনায়ক জ্যোতি ৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মাল্কি মাদারা।

১৬৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ওপেনিংয়ে ২১ রান তোলে লঙ্কান মেয়েরা। এরপরেই টাইগ্রেস বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের ইনিংস। দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনারÑ কৌশনি নুথাঙ্গা (১১) ও নেথমি পূর্ণা (১৮)। এই দুই ব্যাটারকেই সাজঘরে ফেরান সুলতানা খাতুন। এরপর রাবেয়া খান ও ফাহিমা খাতুনের স্পিন বিষে ১৬ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা সাফল্য অধিনায়ক রাবেয়া খানের। ২ দশমিক ৪ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট শিকার করেছেন। এ ছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী ‘এ’ দল : ২০ ওভারে ১৬৪/৬ (সাথী রানি ৫০, সোবহানা মোস্তারি ৩৯, নিগার সুলতানা জ্যোতি ৩৪*; মালকি মাধারা ২/২৫, মালসা শেহরানি ১/২৮)।
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল : ১৬.৪ ওভারে ৬০/১০ (নেথমি পূর্ণা ১৮, কৌশনি নুথাঙ্গা ১১; রাবেয়া খান ৪/৪, ফাহিমা খাতুন ২/৩, সুলতানা খাতুন ২/১১)।
ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ১০৪ রানে জয়ী।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা