× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্নপূরণের মোহে বিভোর জাকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২১ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৪ পিএম

টেস্টে সেরাটা দিতে প্রস্তুত জাকের আলী। ছবি: আ. ই. আলীম

টেস্টে সেরাটা দিতে প্রস্তুত জাকের আলী। ছবি: আ. ই. আলীম

প্রথমবারের মতো দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নাজমুল হোসেন শান্তদের ফ্লাইট সঙ্গী হচ্ছেন ২৬ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭২ রানের অবিশ্বাস্য এক ইনিংস তার কপাল খুলে দেয়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজেকে বার বার প্রমাণ করেছেন জাকের। পরিচয় দিয়েছেন টেস্ট ক্রিকেটের টেম্পারম্যান্টের। বাংলাদেশের ১৬ সদস্যের দলে জায়গা পাওয়া হবিগঞ্জের এই তরুণ মনে করেন, এখন তার আসল কাজ নিজেকে প্রমাণ করার। 

গতকাল টেস্ট দলে ডাক পাওয়ার পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাকের। পাওয়ার হিটার হিসেবে সুখ্যাতি পাওয়া এই ব্যাটার স্বপ্ন দেখতেন টেস্ট ঘিরে। সেই সুযোগ ধরে দিয়েছে। জাকের বলেছেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। দলে ডাক পাওয়াতে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।’ তবে প্রথম শ্রেণির ক্রিকেট যে কত কঠিন সে প্রসঙ্গে বলেছেন, ‘আমার খুব কষ্ট লাগে, যখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে পিকনিক করি। আমরা জানি, আমরা কতটা কষ্ট করি। দয়া করে এই কথাগুলো আর বলবেন না (সাংবাদিকদের উদ্দেশে)। আমার খুব দুঃখ হয়। আমি জানি, কতটা কষ্ট হয় একেকটা রান করতে এই ফরম্যাটে।’ 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলা জাকেরের আছে ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরি। তার ভালোই জানা, অন্য দুই ফরম্যাটের চেয়ে ঢের চ্যালেঞ্জ টেস্ট ফরম্যাট। তবে আত্মবিশ্বাস পুঁজি করে এখানেও সাফল্যের পথ প্রশস্ত করতে প্রস্তুত তিনি। জাকের বলেছেন, ‘উনারা (নির্বাচক) প্রস্তুত মনে করেছেন বলেই আমাকে দলে নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স।’ 

পাকিস্তানের মাটিকে পাকিস্তানকে টেস্ট ও সিরিজে হারিয়েছে বাংলাদেশ। সেই আমেজ থাকা অবস্থাতেই ভারত সফর করবেন নাজমুল হোসেন বিগ্রেড। এই নির্ভারতাই প্রতিবেশীদের বিপক্ষে শক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। সেই বৃত্ত ভেঙে গেছে। এবার ভারতের মাটিতে ভারতকে হারানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। জাকিরও মনে করেন, রোহিত শর্মার দলের বিপক্ষে ভালো সম্ভবনা রয়েছে, ‘সবশেষ সিরিজটা খুব ভালো গেছে আমাদের। সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এই বছর আমাদের চেষ্টা থাকবে, যেটা আমরা দল হিসেবে আগে কখনো করতে পারিনি, সেটা করার চেষ্টা থাকবে।’ তিনি এও মনে করেন, বাংলাদেশের এমন দাপুটে জয় কালচার বদলানোর একটা আভাস। জাকের বিশ্বাস করেন, বদলাচ্ছে দেশের টেস্টের সংস্কৃতি, 'আমি কিছু দিন আগেও বললাম, আমরা যে দুইটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে আসা, এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস।’

ভারত সফরের জন্য নিজেদের দলের শক্তির জায়গা নিয়ে জাকের বলেন, ‘শক্তির বিচারে ভারত ভালো দল। তবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে। আমাদের যখন ব্যাটিং খারাপ হয়, তখনই আমরা হারি। বোলাররা বেশির ভাগ সময় সমর্থন দেয়। ব্যাটিংটা যদি আমরা ভালো করি আমাদের জন্য ভালো হবে।’

এদিন টেস্ট দলে ডাক পাওয়া জাকের কৃতিত্ব দেন তার দেশীয় কোচদের। তিনি বলেছেন , ‘সোহেল স্যার, বাবুল স্যার, খুব কষ্ট করে আমাদের প্রস্তুত করছেন। তাদের এ কাজটা থ্যাংঙ্কলেস। আমাদের প্রস্তুতিতে তাদের অবদান অনেক।’

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়ার অনিকের একাদশে সুযোগ মিলবে কিনা সেটা সময় বলে দেবে। তবে স্বপ্নপূরণের মোহে বিভোর অনিক যে নিজেকে মেলে ধরতে প্রস্তুত, সেটা তার চোখে মুখে স্পষ্ট। টি-টোয়েন্টির পর এবার নিজেকে মেলে ধরার পালা তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা