প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪১ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯ পিএম
অস্ট্রেলিয়া ক্রিকেটে অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন শেন ওয়ার্ন। হার্ট অ্যাটাকের শিকার হয়ে ২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে পরলোক গমন করেন সর্বকালের অন্যতম সেরা এ লেগ স্পিনার। আজ শুক্রবার এ কিংবদন্তির ৫৫তম জন্মদিন। তার জন্মদিনের কথা স্মরণ করে সন্তানরা আবেগঘন পোস্ট দিয়েছেন।
ওয়ার্নের বড় মেয়ে ব্রুক ওয়ার্ন বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছেন সমাজমাধ্যমে। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রুক বৃহস্পতিবার মধ্যরাতে লিখেছেন, ‘বাবা তোমাকে স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আজকের দিনটা সব সময়ই বিশেষ।’ ব্রুকের ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলে বাবা ওয়ার্নের সঙ্গে আছেন তিনি (ব্রুক)। বোনের পাশাপাশি বাবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্নও। ‘শুভ জন্মদিন বাবা।’ এ পোস্টে ওয়ার্নের সঙ্গে একটি ছবিও জুড়ে দেন জ্যাকসন।
ওয়ার্ন টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৩৩৯ ম্যাচে নিয়েছেন ১০০১ উইকেট। ৪৯৫ ম্যাচে ১৩৪৭ উইকেট নিয়ে তার ওপরে শুধু শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।