× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বাংলাদেশকে হারাতে ভারতের কোনো সমস্যা হবে না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:০১ এএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম

‘বাংলাদেশকে হারাতে ভারতের কোনো সমস্যা হবে না’

পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের এবার ভারত মিশন। ১৯ সেপ্টেম্বর প্রতিবেশী দেশটির বিপক্ষে শুরু হবে টেস্ট সিরিজ। সে লক্ষ্যে ইতোমধ্যে দল ঘোষণা করেছে সফরকারীরা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আগামী পরশু ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টিম টাইগার্স।

ভারত সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।  যাতে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট এবং সিরিজে হারায় নাজমুল হোসেনরা। তাই ভারত সফরে কিছুটা হলেও নির্ভার থাকবে বাংলাদেশ। এমনকি অনেকেই বলছেন, রোহিত শর্মাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন শান্তরা। তবে বাংলাদেশের সেই সামর্থ্য আছে কি না, তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক এ উইকেটরক্ষক-ব্যাটার। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি বলেছেন, ভারতকে তাদের মাটিতে হারানো মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। তার ভাষায়, ‘ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ।’

কার্তিকের কাছে ব্যাপারটা বিশাল মনে হলেও সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শান মাসুদ বাহিনীকে নাকানিচুবানি খাইয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম টেস্ট ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতেছে শান্ত ব্রিগেড। এমন কীর্তির পরও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ মনে করেন, ‘পাকিস্তানে বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো সমস্যা হবে।’

ভারতে কেমন উইকেট হতে পারে-এ নিয়েও মোটামুটি একটা ধারণা দিয়েছেন ৩৯ বর্ষী কার্তিক। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’

বাংলাদেশের ভারত সফর নিয়ে ঠিক দিন দুয়েক আগে কথা বলেছেন ভারত ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা এত সহজ নয়। বাংলাদেশের খেলোয়াড়দের তাই অভিনন্দন। তবে ভারত ভিন্ন এক দল। ভারত নিজেদের বা প্রতিপক্ষের মাঠে খেলুক, শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে অসাধারণ এ দল।’ তিনি এরপর যোগ করেন, ‘বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। ভারতই সিরিজ জিতবে। কিন্তু ভারতের মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। কারণ, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে তারা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা