দ্বিতীয় ইনিংসে পেলেন ফাইফার
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৯ পিএম
সাকিব আল হাসান
সারের জার্সিতে প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছিলেন সাকিব আল হাসান। শিকার করেছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ঝলক দেখালেন তারকা এ অলরাউন্ডার।
দ্বিতীয় ইনিংসে এসে পেলেন ফাইফারের দেখা। তৃতীয় দিন শিকার করেছিলেন ৪ উইকেট। আজ বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিনে সমারসেটের শেষ উইকেট ফেলে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। এজন্য ২৯.৩ ওভারে খরচ করেন ৯৬ রান। পেয়েছেন একটি মেডেনও।
নিজের দ্বিতীয় ডেলিভারিতেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে বোল্ড করেন সাকিব। পঞ্চম ওভারে টম অ্যাবেলকে আউট করেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। পরে বিদায় করেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকে।
চতুর্থ দিনে এসে টম ব্যান্টনকে বোল্ড করেন এ ক্রিকেট মহাতারকা। সারের হয়ে কাউন্টি অভিষেকই দুই ইনিংস মিলিয়ে তারকা এ অলরাউন্ডার পেয়েছেন ৯ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান সাকিব। সব মিলিয়ে তার উইকেট এখন ৩৫১টি।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সাকিব। ব্যক্তিগত ১২ রানের মাথায় জ্যাক লিচের তালুবন্দি হয়ে ফেরেন। ২৪ বলের এ ইনিংসে আর্চি ভনের ৫টি ডেলিভারি খেলেন সাকিব। প্রথম বলেই হাঁকান বাউন্ডারি। পরের ৩ বল ছিল ডট। শেষে পঞ্চম বলে নেন ১ রান।
নিজেদের মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে ২২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্রতিপক্ষ সমারসেট। প্রথম ইনিংসে তারা তুলেছিল ৩১৭ রান। জবাবে প্রথম ইনিংসে সাকিবের সারে সংগ্রহ করে ৩২১ রান। জয়ের জন্য ২২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে সাকিবের দল।