প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৮ পিএম
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম রিশাদ হোসেন। তরুণ এই লেগস্পিনারের ভেলকিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের বাঘা বাঘা ব্যাটার ঘোল খেয়েছেন। টাইগার স্পিনার টুর্নামেন্টে ১৪ উইকেট শিকার করে ছিলেন সেরাদের কাতারে। বিশ্বকাপের স্মরণীয় পারফরম্যান্সের পর ক্রিকেট দুনিয়ায় রিশাদকে নিয়ে কাড়াকাড়ি চলছে। এই লেগি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের পর জিম আফ্রো টি-টেন লিগেও দল পেয়েছেন।
বাংলাদেশের হয়ে অভিষেকের পর রিশাদ এখনও পর্যন্ত খেলেছেন সাদা বলে অর্থাৎ ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। সাদা বলের সাফল্যের পর লাল বলেও তাকে খেলানোর দাবি জানাচ্ছেন অনেকে। অবশ্য ভারত সিরিজের টেস্ট স্কোয়াডে রাখা হয়নি রিশাদকে। এই সিরিজের দলে রাখা না হলেও টেস্টের বিবেচনায় বেশ ভালোভাবেই আছেন রিশাদ। যা নিশ্চিত করেছেন খোদ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে রিশাদের টেস্টে অন্তর্ভুক্তি নিয়ে হান্নান সরকার জানান, ‘(রিশাদ) অবশ্যই (টেস্টের) প্ল্যানে আছে। আসলে দীর্ঘ মেয়াদের ফরম্যাটে খুব বেশি অভিজ্ঞতা নেই রিশাদের। টি-টোয়েন্টিতে ৪ ওভার, ওয়ানডেতে ১০ ওভার (করতে হয়)। টেস্টে হয়ত ১৫-২০ ওভার করতে হতে পারে। সে লোডটা এখনও তাকে নিতে দেখিনি আমরা। ’
বাংলাদেশ দলে মানসম্মত লেগস্পিনারের অভাব পূরণ করেছেন রিশাদ। হান্নানের চাওয়া ঘরোয়া লিগে দীর্ঘ ফরম্যাট খেলেই সে টেস্ট দলে আসুক, ‘আমরা চাচ্ছি সে দীর্ঘ মেয়াদের ফরম্যাট খেলে সে দলে আসুক। যখন খেলবে তখন তার জন্য সহজ হবে। রিশাদ যদি দলে চলে আসে তাহলে কিন্তু বিশাল পাওয়া হবে। লেগ স্পিনার যেকোনো ফরম্যাটেই ভয়ংকর হতে পারেন।’
পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর ২ টেস্ট এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তরা। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। এরপর কানপুরে ২৭ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।