প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৬ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জয়ী দলকে সংবর্ধনা দেওয়া হয়; ছবি: বিসিবি
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ অধিনায়ককে ফোনে সেদিন প্রধান উপদেষ্টা বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’ এরপরই জানানো হয়, পুরো দলকে দেওয়া হবে সংবর্ধনা। পাকিস্তানে শান মাসুদদের হারিয়ে আসা টেস্ট সিরিজ জয়ের নায়কেরা সেই সংবর্ধনাও পেয়েছেন। প্রধান উপদেষ্টা এমন জয়কে ‘ঐতিহাসিক’ উপমা দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে, তা নিয়ে পুরো দেশ গর্বিত।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমি (সিরিজ) জয়ের পরেই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম।’ এদিন দুপুরে পাকিস্তান সফরে যাওয়া দলের খেলোয়াড় ছাড়াও ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত থাকা সাকিব ছিলেন না এই বহরে।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা শান্তদের মনে করিয়ে দেন, একটি জাতিকে একতাবদ্ধ করতে ক্রীড়া কতটা ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি স্মৃতিচারণ করেন প্যারিস অলিম্পিকে পরামর্শক ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তখন নিজে থেকেই জানান, ইতালির মিলানো করতিনায় শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকার জন্য নিমন্ত্রণ পেয়েছেন তিনি।
এদিকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল প্রায় সবাই প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি নিজ নিজ প্রোফাইলে ছেড়েছেন। দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা অনুপ্রাণিত করবে।’ পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার পেছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা ছিল বলে মনে করেন শান্ত। দেশের কঠিন সময়ে এমন অর্জন আনার জন্য খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
মধ্যাহ্নভোজ শেষে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার শরিফুল ইসলাম। আসন্ন ভারত সফরে বিশ্রামে থাকা এই পেসার ক্যাপশনে লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা সত্যিকারের একজন খেলাপ্রেমী মানুষ। ইনশাআল্লাহ দেশের পাশাপাশি ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবেন।’ পাকিস্তানে সিরিজ সেরা হওয়া মেহেদী হাসান মিরাজ প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পেরে অনেক সম্মানিত বোধ করছি। এই সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’ লিটন দাসও প্রায় একই কথা লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পেরে অনেক খুশি। কত বিনয়ী মানুষ তিনি!’
পাকিস্তানের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্টে দাপুটে জয় তোলে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে হওয়া প্রথম টেস্টে ১০ উইকেটে বিশাল জয়ের পর দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পায় ৬ উইকেটের ব্যবধানে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এর আগে কখনও পাকিস্তানকে সাদা পোশাকের ক্রিকেটে হারাতে পারেনি বাংলাদেশ। দেশে এবং বিদেশে ১৩টি টেস্ট খেলে তখন সবেধন নীলমণি হয়েছিল একটি মাত্র ড্র। এবার সবশেষ সফরে প্রথম জয়ের পর প্রথম সিরিজ জয়ও এসেছে। তাও পাকিস্তানের মাটিতে।